রাঙামাটি, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির রাজস্থলী উপজেলা সদরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতা নিহত হয়েছেন।
গুলিবিদ্ধ আরেকজনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে।
জনসংহতি সমিতি এ হামলার জন্য পার্বত্য শান্তিচুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ নেতারা।
পুলিশ জানিয়েছে, রোববার রাত পৌনে ১১টার দিকে রাজস্থলী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ নামের একটি ক্লাবে সন্ত্রাসীরা গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত উসিনু মারমা (২৫) জনসংহতি সমিতির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আহত উবাইসিং মারমা (২৪) পাহাড়ি ছাত্র পরিষদ কর্মী। তার পায়ে গুলি লেগেছে।
রাজস্থলী থানার ওসি রেজাইল হক সাংবাদিকদের জানান, উপজেলা সদর বাজার বাজারে অবস্থিত রাজস্থলী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘে রোববার রাত ১১টার দিকে জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের ২০-২৫ সদস্য ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কে বা কারা ওই ক্লাব ঘর লক্ষ করে গুলি চালায়।
তিনি বলেন, এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে উসিনু মারমা ঘটনস্থলে মারা যান। উবাইসিংয়ের পায়ে গুলি লাগে।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে।
শান্তিচুক্তির পক্ষের জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা হতাহতের কথা স্বীকার করে এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন।
তিনি জানান, নিহত উসিনু মারমা সমিতির রাজস্থলী উপজেলা গাইন্দ্যা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। আহত উবাসিং মারমা পাহাড়ি ছাত্র পরিষদের রাইখালী শাখার কর্মী।
ঘটনার প্রতিবাদে সোমবার সকালে রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি সংগঠনের জেলা কার্যালয় থেকে বনরুপা হয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জনসংহতি সমিতির জেলা সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি লক্ষ্মী প্রসাদ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি পদ্মলোচন চাকমা।
জনসংহতির নেতারা অভিযোগ করেন, ইউপিডিএফ'র কালাইয়ে চাকমা ওরফে ডায়মন্ডের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল এ হত্যাকাণ্ড ঘটিছে।
তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং ইউপিডিএফকে নিষিদ্ধ করার দাবি জানান।
রাঙামাটি ইউপিডিএফ'র নেতা মাইকেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনার সঙ্গে সংগঠনটির কেউ জড়িত নয়। ডায়মন্ড নামে তাদের কোনো কর্মী নেই বলেও দাবি করেন তিনি।
মাইকেল আরো দাবি করেন, চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে জনসংহতির নেতাকর্মীদের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৮৪০ ঘ.
bdnews24