২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের মেয়র প্রার্থী চূড়ান্ত করবেন খালেদা

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 07:25 PM

Updated : 25 Aug 2022, 10:32 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে রোববার রাত ১২টার পর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, "আমি কখনোই মেয়র প্রার্থী হতে চাইনি এবং হওয়ার ইচ্ছাও নেই। "তবে সিটি মেয়র পদে একজন যোগ্য, সৎ ও জনপ্রিয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার কাজ নেত্রী করবেন। আমাদের সঙ্গে আলোচনা করে তিনি এব্যাপারে একটি ধারণা নিয়েছেন।" এর বেশি কিছু তিনি আর বলতে চাননি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টায় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়ে তা শেষ হয় রাত ১১টায়। ওই বৈঠকে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর এই দু'নেতার সঙ্গে বৈঠকে বসেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/০১১৭ঘ.