২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর-ঢাকা রুটে বাস ধর্মঘট

রংপুর থেকে ঢাকা রুটে রোববার সকাল থেকে বাস ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 12:59 PM

Updated : 25 Aug 2022, 10:33 AM

রংপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর থেকে ঢাকা রুটে রোববার সকাল থেকে বাস ধর্মঘট শুরু হয়েছে। বেতন-ভাতা বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে রংপুর মটর শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এই ধর্মঘট ডেকেছে। শ্রমিক নেতারা দাবি করেছেন, দাবিগুলো তারা লিখিতভাবে মালিকদের জানিয়েছেন। কিন্তু মালিকরা দাবি পূরণে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে মালিকপক্ষ বলছে, দাবি দাওয়ার ব্যাপারে শ্রমিকরা তাদের কাছে আসেনি। কোতয়ালি থানার ওসি আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুরসহ আশপাশের জেলা থেকে আসা শত শত যাত্রী শহরের ঢাকা কোচ স্ট্যান্ডে অপেক্ষা করছে। তারা টিকেট কাটার পর জানতে পারে ধর্মঘট শুরু হয়েছে। তিনি জানান, কোচ স্ট্যান্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জানান, চালক, চালকের সহকারী ও টিকেট কাউন্টারের কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো, তত্ত্বাবধায়কদের নিয়োগপত্র দেওয়াসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়। তিনি দাবি করেন, বাস মালিকদের এবং রংপুর জেলা মটর মালিক সমিতিকে লিখিতভাবে তিনমাস আগে এসব দাবি জানানো হয়। মজিদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে। রংপুর চেম্বারের সাবেক সভাপতি ও আগমনী এক্সপ্রেস পরিবহনের মালিক মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, মালিকদের কাছে বেতন ভাতা বাড়ানোর দাবি নিয়ে কেউ আসেনি। তিনি বলেন, আগে না জানিয়ে এভাবে ধর্মঘট করা অমানবিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৫৫ ঘ.