ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে রাতে জনসাধারণের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিডিআর ও প্রশাসনকে নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে রোববার আন্তঃমন্ত্রণালয় সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সীমান্তের কাছে ভারতের অংশে ফেনসিডিল তৈরির কারখানা বন্ধের জন্য সেদেশের সরকারের প্রতি অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ-ভারতের ছিটমহল ও ভূমি বিরোধ সংক্রান্ত বিষয়, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়ন সম্পর্কিত বিষয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরের অগ্রগতি সম্পর্কে বৈঠকে আলোচনা হয়েছে বলে মন্ত্রী জানান।
সাহারা খাতুন বলেন, "ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী দুই দেশের সীমান্তের জিরো পয়েন্ট থেকে দেড়শ' গজের মধ্যে কোনো দেশই কিছু নির্মাণ করতে পারে না। কিন্তু কিছু কিছু জায়গায় ভারত দেড়শ' গজের ভেতরে এসের তারকাটার বেড়া নির্মাণ করেছে।"
ভৌগলিক কারণে সম্ভবত তারা (ভারত) এ সীমা অতিক্রম করতে চাইছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবো। আগামীতে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্র"পের সভায় আলোচনা হবে। চুক্তি ও প্রধামন্ত্রীর সমঝোতা স্মারকের বাস্তবায়নে তা ভূমিকা রাখবে।" তবে ভৌগলিক কারন কী, সে সম্পর্কে তিনি কোন ব্যাখ্যা দেননি।
দুই দেশের সীমান্ত এলাকার নষ্ট হয়ে যাওয়া পিলার সংস্কার ও প্রয়োজনে সরিয়ে নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সাহারা খাতুন বলেন, "ওপারে ফেনসিডিল তৈরির কিছু স্থাপনা রয়েছে। এ বিষয়ে আমরা আগেও প্রতিবাদ করেছি। এখন অবিলম্বে এসব কারখানা সরিয়ে নেওয়ার জন্য ভারতকে বলবো।"
বেশিরভাগ চোরাচালানের ঘটনা রাতে ঘটায় বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনাও ঘটে বলে উল্লেখ করেন সাহারা। এজন্যে ভারতের মতোই দেশের সীমান্ত পয়েন্টে রাতের বেলা জনগণের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, "ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশ থেকে রাতে বিভিন্ন লোকজন সীমান্ত অতিক্রম করে। এজন্যে বিএসএফ গুলি চালায়।"
তিনি জানান, সীমান্তে যেসব স্থানে এ ধরনের গুলি হচ্ছে সে স্থানে লোকজন যেনো সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
ওই সব এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে কিনা- তা স্পষ্ট না করলেও সাহারা বলেন, "কোনো লোকজন যেনো চলাচল করতে না পারে সেজন্য কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে বিডিআর ও প্রশাসনকে নির্দেশ দিয়েছি।"
এছাড়া চোরাকারবারি প্রতিরোধে জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে নিয়ে জনসচেতনতা তৈরি এবং একটি করে কমিটি গঠনের জন্যও বলা হয়েছে।
সাতক্ষীরার রায়মঙ্গল নদীর ১৩০ কিলোমিটার এলাকায় নৌযান সরবরাহ ও বিডিআরের নেতৃত্বে কোস্টাল ইউনিট দেওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানান সাহারা।
স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল রয়েছে ১৭ হাজার ১৫৮ একর। এরমধ্যে বাংলাদেশের দখলে ১০ হাজার ০৪৮ একর ও ভারতের দখলে রয়েছে ৭ হাজার ১১০ একর। এছাড়া বিরোধপূর্ণ ভূমির মধ্যে ভারতে আছে ৩ হাজার ৫০৬ একর ও বাংলাদেশে আছে ৩ হাজার ২৪ একর।
৪৬ টি পয়েন্টে বিরোধপূর্ণ ভূমি থাকলেও দুই দেশের যৌথ সমীক্ষায় ১২টি পয়েন্টে সীমানা প্রাচীর দেওয়ার বিষয়ে সমঝোতা আছে।
শিগগিরই সীমান্ত এলাকায় চলাচলে নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে সচিব বলেন, "জনগণকে সচেতন করতে মাইকিংও করা হবে। তারপরও রাতে জনগণ যাতায়ত করলে কোনো কিছুর জন্য সরকার দায়ী থাকবে না।"
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম বলেন, "আমরা অতীত ঘাটতে চাই না। মুজিব-ইন্দিরা চুক্তিকে গাইড লাইন ধরে আমরা কাজ করছি। আগামী এক-দুই মাসের মধ্যে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্র"পের বৈঠক হবে। তখন এসব বিষয় নিয়ে আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৮৪৪ ঘ.
bdnews24