নরসিংদী, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভোলানগর সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ফয়সাল হাসান (৮), তানজিনা (১২), লাকী (৩০), মিলি (৩), পারভীন (৩০), রিফাত (৮), সনিয়া (১৮) ও শরিফা (৬০)।
এরা সবাই কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ঈশা খাঁ পরিবহনের বাসযাত্রী ছিলেন।
দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।
দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর বিকাল ৫ টায় যান চলাচল আবার শুরু হয়।
সদর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভৈরবগামী চলনবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঈশা খাঁ পরিবহনের যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঈশা খাঁ পরিবহনের বাসটি সেতু থেকে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে উল্টে যায়।
খবর পেয়ে পুলিশ ও নরসিংদী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এলাকাবাসীর সহায়তায় বাসের ভেতর থেকে এক মহিলা ও শিশুসহ নয়জনের লাশ উদ্ধার করে। অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আহতদের মধ্যে আছেন- শাহিনুর (৩০), জাহেরা খাতুন (৫০), জামাল (৪৫), হৃদয় (৫০), শাহাজাহান (৪১), মতি (১২), সৌরভ (৫), শাহাবী আক্তার (৭), রোকেয়া (৪০), আফিয়া (৫৫), রিনা (৩৫), জাহের মিয়া (৭), রাসেল (২০), সনিয়া (৬), জামাল (১৫), আলী আকবর (৭০), জহুর (৫০), সুন্দর আলী (৩৮), রোকেয়া (৫৫), রিনা (২৫), রুমা (১৬), সনিয়া (১৮), লাকী (৩৮)।
ওসি জানান, এদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) আক্কাস উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের খোঁজ খবর নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/জেবি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24