২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বেড়েছে জিপিএ-৫

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েছে। বেড়েছে পাসের হারও। এছাড়া মেয়েদের তুলনায় ভাল করেছে ছেলেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 09:08 AM

Updated : 25 Aug 2022, 10:31 AM

দিনাজপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েছে। বেড়েছে পাসের হারও। এছাড়া মেয়েদের তুলনায় ভাল করেছে ছেলেরা। রংপুর ক্যাডেট কলেজ রয়েছে বোর্ডের সেরা ১০ প্রতিষ্ঠানের শীর্ষে। এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে এবার এক লাখ ১৭ হাজার ১২৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮৩ হাজার ৯৭৭ জন। পাসের হার ৭১ দশমিক ৭০ শতাংশ। গতবার ১ লাখ ২ হাজার ১০১ জন পরীক্ষা দিয়ে পাস করেছিলো ৬৪ হাজার ৯১৩ জন। পাসের হার ছিলো ৬৩ দশমিক ৫৮ শতাংশ। বোর্ডে এবার ৫৮ হাজার ৫৪০ জন ছাত্র এসএসসি পরীক্ষা দেয়। পাস করেছে তাদের ৭৩ দশমিক ৩৬ শতাংশ। মেয়ে পরীক্ষার্থী ছিলো ৫৮ হাজার ৫৮৯ জন। পাস করেছে তাদের ৭০ দশমিক ০৪ শতাংশ। গতবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলো ৫ হাজার ২৯২ জন। এবার পেয়েছে ৬ হাজার ৬৩৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৯ হাজার ৩৭৯ জনের মধ্যে ৬ হাজার ৮৬ জন, মানবিক বিভাগের ৭০ হাজার ৬৬৯ জনের মধ্যে ৩৪৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৭ হাজার ৮১ জনের মধ্যে ২০৪ জন জিপিএ-৫ পেয়েছে। শনিবার দুপুর ১টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পিয়ারউদ্দিন আহমেদ ফল ঘোষণা করেন। সাংবাদিকদের তিনি আরো জানান, বোর্ডের ২ হাজার ৩৩৭টি স্কুলের মধ্যে ৪৬টি স্কুলের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। সেরা ১০ স্কুল: পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে রংপুর ক্যাডেট কলেজ রয়েছে শীর্ষে। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় ও কলেজ (নীলফামারী) এবং তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল। তালিকায় চতুর্থ দিনাজপুর জিলা স্কুল, পঞ্চম গাইবান্দা জেলার আহমাদউদ্দিন শাহ শিশু নিকেতন, ষষ্ঠ পঞ্চগড় বিপি গভমেন্ট হাই স্কুল, সপ্তম সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (নীলফামারী), অষ্টম রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নবম রংপুর জিলা স্কুল এবং দশম ঠাকুরগাঁও গভমেন্ট বালক উচ্চ বিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৫০৩ ঘ.