২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসিতে উত্তীর্ণ ৭৮ শতাংশ

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়েছে ৭৮ দশমিক ১৯ শতাংশ শিক্ষার্থী। মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট উত্তীর্ণের হার প্রায় ৮০ শতাংশ। দুটোই গতবারের চেয়ে বেশি। রিয়াজুল বাশার এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 08:58 AM

Updated : 25 Aug 2022, 10:31 AM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়েছে ৭৮ দশমিক ১৯ শতাংশ শিক্ষার্থী। মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট উত্তীর্ণের হার প্রায় ৮০ শতাংশ। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসির ফলাফল শনিবার একযোগে প্রকাশ হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুরে এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। এর আগে সকাল ১১টায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন তিনি। এবারই প্রথম সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাচ্ছে। ২০১০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ১২ লাখ ৯৭৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মোট ৯ লাখ ৬০ হাজার ৯৪২ জন। উত্তীর্ণের হার ৭৯ দশমিক ৯৮ শতাংশ। গতবছর এ হার ছিলো ৭০ দশমিক ৮৯ শতাংশ। ১০ বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ২০ হাজার ৬৫৪ বেড়ে ৮২ হাজার ৯৬১ জনে দাঁড়িয়েছে। গত বছর এ সংখ্যা ছিলো ৬২ হাজার ৩০৭ জন। শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, এবার সে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৯২৭টি। গতবার এ সংখ্যা ছিলো ২ হাজার ৭২৬টি। ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এটি গত বছরের চেয়ে ২৩টি কম। উত্তীর্ণের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ার বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, "স্কুল থেকে প্রতি বছর যে শিক্ষার্থীরা ঝরে পড়ে তা রোধ করার জন্য এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছিলাম আমরা। এ কারণেই এবার পাসের হার বেশি।" শতভাগ উত্তীর্ণ এমন প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উন্নতি লক্ষ করা যাচ্ছে। "আমরা চাই শিক্ষার মান বাড়িয়ে সব প্রতিষ্ঠানেই শতভাগ পাস করাতে", বলেন মন্ত্রী। কেউই উত্তীর্ণ হয়নি এমন শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে নাহিদ বলেন, "সে সব প্রতিষ্ঠানের বিষয়ে কী করা যায়, তা আমরা দেখবো।" তিনি বলেন, এবার প্রথমবারের মতো ই-মেইলের মাধ্যমে ফলাফল দেওয়া শুরু হলো। প্রধানমন্ত্রী দুটি বিদ্যালয়ে ই-মেইলে ফলাফল পাঠান। মোট ১৫০০ বিদ্যালয়ে ই-মেইলে ফলাফল পাঠানো হয়েছে। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় 'ইতিবাচক' ফল পাওয়া গেছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এ বছর বাংলা প্রথম পত্র ও ধর্ম বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়। তিনি বলেন, "পাসের হার কমার অন্যতম কারণ হচ্ছে ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতা। আমরা এবার এ দুটি বিষয়ে শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে বলেছিলাম। এতে ভালো ফল পাওয়া গেছে।" মন্ত্রী জানান, ঢাকা বোর্ডে ইংরেজিতে উত্তীর্ণের হার ৮৭ দশমিক ০৮ শতাংশ এবং গণিতে ৮৮ দশমিক ০২ শতাংশ। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৯ লাখ ১২ হাজার ৫৭৭ জন, উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৫৬০ জন। জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ১৩৪ জন। এসএসসিতে গত বছর উত্তীর্ণের হার ছিলো ৬৭ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ৪৫ হাজার ৯৩৪ জন। এবার এসএসসিতে ঢাকা বোর্ডে ৭৭ দশমিক ৯৯ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫ দশমিক ৬১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮১ দশমিক ০৩ শতাংশ, যশোর বোর্ডে ৭৯ দশমিক ১৮ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭২ দশমিক ৩১ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৪ দশমিক ৬৪ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮ দশমিক ৪২ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৭১ দশমিক ৭০ শতাংশ উত্তীর্ণ হয়েছে। মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে মোট পরীক্ষার্থী ছিলো ২ লাখ ১০ হাজার ৪১৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪৩১ জন। উত্তীর্ণের হার ৮৬ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৫৫ জন। কারিগরি বোর্ডের এসএসসি ভকেশনালে ৭৭ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬৫ হাজার ৫০১ জন। উত্তীর্ণের হার ৮২ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। প্রধানমন্ত্রী গণভবনে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল ই মেইলে পাঠান। শিক্ষা প্রতিষ্ঠান দুটি হলো ময়মনসিংহ জিলা স্কুল ও গোপালগঞ্জের কোটালীপাড়ার হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয়। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে অকৃতকার্য শিক্ষার্থীদের নতুন করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অকৃতকার্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলার জন্য তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান হাসিনা। গত ১১ ফেব্র"য়ারি সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৫৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউএম/এসএম/কিউএইচ/এমআই/১৫২৫ ঘ.