২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উত্তীর্ণের হার বেড়েছে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে উত্তীর্ণের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উভয়ই বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 07:56 AM

Updated : 25 Aug 2022, 10:32 AM

চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে উত্তীর্ণের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উভয়ই বেড়েছে। এবার উত্তীর্ণ হয়েছে ৭২ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী। গতবার তা ছিলো ৬৯ দশমিক ৬১ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮০০ জন, গতবার এ সংখ্যা ছিলো ৪ হাজার ৫২৯। শনিবার ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশ হয়। এবার প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত বছর এ হার ছিলো ৭০ দশমিক ৮৯ শতাংশ। দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয়ে চট্টগ্রাম বোর্ডের ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পিযূষ দত্ত। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফলাফলে আমি সন্তুষ্ট। শিক্ষার্থীরা আগের চেয়ে ভালো পড়াশোনা করছে বলেই ফল ভালো হয়েছে।" চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৬৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৯ হাজার ৪৫১ জন। ছাত্রীদের তুলনায় ছাত্ররা এবার ভালো ফলাফল করেছে। ছেলেদের পাসের হার ৭৫ দশমিক ৪৯ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৩০ শতাংশ। ছাত্রদের পাসের সংখ্যা ২৫ হাজার ১১৩ জন এবং ছাত্রী পাস করেছে ২৪ হাজার ৩৩৮ জন। বিজ্ঞান বিভাগ থেকে এবার পাস করেছে ৮৯ দশমিক ১৫ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৫৫ দশমিক ৬৬ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭২ দশমিক ০৭ শতাংশ। চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৮২ দশমিক ৬৯ শতাংশ। মহানগরীর বাইরে পাসের হার ৬৮ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে গতবারের মতো এবারও শীর্ষে সরকারি কলেজিয়েট স্কুল। এ স্কুলের ৩৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গতবার এ সংখ্যা ছিলো ৩৪৬ জন। অপরদিকে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় থেকে ২৩৫ জন, ডা. খাস্তগীর সরকারি স্কুল থেকে ২৩০ জন, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২২২ জন, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে ২০৪ জন জিপিএ-৫ পেয়েছে। এবার চট্টগ্রাম বোর্ডে ৩১টি বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কেউ পাস করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা চট্টগ্রাম বোর্ডে নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/আরএ/এমআই/১৩৫০ ঘ.