২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাঁতি ধর্মঘট প্রত্যাহার

ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে তাঁত মালিক ও শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 03:28 PM

Updated : 24 Aug 2022, 09:28 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে তাঁত মালিক ও শ্রমিকরা। শুক্রবার রাতে বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যসোসিয়েশনের সভাপতি মো. লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার থেকে তারা কাজ করবেন। তিনি বলেন, "সরকার বেনাপোল স্থলবন্দর সুতা আমদানির জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। তাই আগামীকাল থেকে আমরা উৎপাদনে যাব।" বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সূতা আমদানিসহ ছয়দফা দাবিতে তাঁত মালিক ও শ্রমিকরা বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে। ধর্মঘটের দ্বিতীয় দিন বৃহস্পতিবার নরসিংদীর তাঁত মালিক-শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় চার ঘন্টা অবরোধ করে রাখে। শুক্রবার সিরাজগঞ্জে ধর্মঘট অমান্য করে বেশকিছু তাঁত চলার খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের সাত উপজেলায় তাঁত বন্ধ থাকলেও বেলকুচি উপজেলার শেরনগর গ্রামে বেশ কয়েকটি কারখানায় কাজ হয়েছে। দুপুরে শাহজাদপুর উপজেলার সরকারি কলেজ মাঠে কয়েক শ' শ্রমিক অবিলম্বে দাবি-দাওয়া মেনে নেওয়া এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এছাড়া শ্রমিকরা ধর্মঘটের জন্য বন্ধ রাখা তিনদিনের মজুরি পরিশোধের জন্য তাদের নিজ নিজ তাঁত মালিকের কাছে দাবি জানিয়েছে। বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের জামান টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান দিপু বলেন, এ ধরনের আন্দোলনে তাঁত মালিক ও শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবে। আন্দোলন দীর্ঘস্থায়ী হলে দেশীয় বাজার নষ্ট হবে। তাই তাঁতিদের বাঁচাতে দ্রুত সরকারি পদক্ষেপ প্রয়োজন। বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যসোসিয়েশনের (বিটিএমএ) চেয়্যারম্যান আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল বন্দর খুলে দিলে দেশীয় তাঁত শিল্প ও সুতার বাজার ধ্বংস হয়ে যাবে। দেশের টাকা দেশে না থেকে বিদেশিদের হাতে চলে যাবে। তিনি বলেন, "গত ৫-৬ মাসে সুতার দাম আন্তর্জাতিক বাজারে পাউন্ড প্রতি ৩৮ সেন্ট বৃদ্ধি পাওয়ায় এখানে দাম ওঠানামা করছে। হঠাৎ করে হ্যান্ডলুম-পাওয়ার লুম মালিক নেতাদের ভারত প্রীতি আমাদের বোধগম্য নয়।" বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম ওনার্স অ্যসোসিয়েশনের সভাপতি মো. লোকমান হোসেন বলেন, সুতার কোনো দাম লেখা থাকে না। ৪০ কাউন্টের এক পাউন্ড সুতার দাম ছিল ৬০-৬৫ টাকা। অথচ মাত্র কয়েক মাসের ব্যবধানে তা ১১৫ টাকা হয়েছে। তিনি বলেন, বর্তমানে যে ভারতীয় সুতা চট্রগ্রাম বন্দর দিয়ে আমদানি হচ্ছে, তা বেনাপোল দিয়ে আনলে সময় ও খরচ দুটোই বাঁচে। নরসিংদী প্রতিনিধি জানান, ধর্মঘটের তৃতীয় দিন অলস দিন কাটাচ্ছে তাঁত মালিক ও শ্রমিকরা। দুপুরে পাওয়ারলুম মালিক সমিতির (চৌয়ালা) সেক্রেটারি আব্দুল কুদ্দুস জানান, স্পিনিং মিল সিন্ডিকেটের কাছে দেশের তাঁত শিল্প আজ অনিশ্চিয়তার মুখে। তাই চৌয়ালা এলাকার বিভিন্ন শিল্প কারখানার মালিকরা তাদের নিজ নিজ তাঁতগুলো ইতোমধ্যেই পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্কমুক্ত ৩০ থেকে ৮০ কাউন্ট সুতা আমদানির অনুমতি দিয়ে দেশের তাঁত শিল্পকে বাঁচানোর জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান। বুধবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আইয়ুব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদেশে সব তাঁত বন্ধ রয়েছে। সব তাঁত মালিক কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। সুতার দাম বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তাঁতিরা বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানির দাবি জানিয়ে আসছেন। ভারত থেকে এই স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বর্তমানে নিষিদ্ধ। অন্যদিকে দেশের সুতা উৎপাদকরা বলছেন, বেনাপোল দিয়ে সুতা আমদানির সিদ্ধান্ত হবে আত্মঘাতী। এতে দেশের সুতা শিল্প ধ্বংস হবে। সংগঠনের সহ-সভাপতি জাহিদুল হক ভূঁইয়া জানান, দেশে প্রতি বছর সুতার চাহিদা প্রায় ১০ লাখ মেট্রিক টন। এরমধ্যে নিট শিল্পে সাত লাখ এবং তাঁত শিল্পে তিন লাখ টন। দেশের ২৬৬টি স্পিনিং মিলে সুতার উৎপাদন ক্ষমতা মাত্র ছয় লাখ টন। তাও গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটের কারণে এ উৎপাদন কমে গেছে। ফলে দেশে সুতার বড় ধরণের ঘাটতি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২১ ঘ.