কক্সবাজার, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাত ও প্রহারে একজনের মৃত্যু হয়েছে।
নিহত নূর আহমদ (৪৫) দক্ষিণ মিঠাছড়ির চরপাড়ার প্রয়াত খলিলুর রহমানের ছেলে।
শুক্রবার এ ঘটনায় নিহতের স্ত্রী নূরনাহার বেগম রামু থানায় একটি মামলা (নম্বর ১৩) করেছেন। জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
রামু থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, রাত সাড়ে ৮টার দিকে নূর আহমদ এলাকার চেইন্দা স্টেশন থেকে বাড়ি ফেরার পথে ৭/৮ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত এবং লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।
স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মামলার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, জায়গা জমি নিয়ে বিরোধের জেরে তাদের প্রতিবেশী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ ঘটনায় দক্ষিণ মিঠাছড়ির এজাহার মিয়ার ছেলে দুদু মিয়াকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৬ ঘ.
bdnews24