ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌযান শ্রমিকদের ধর্মঘট সত্ত্বেও দেশের দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী সব লঞ্চই চলছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলেছে, লঞ্চ চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।
ঢাকার সদরঘাটে দায়িত্বে নিয়োজিত বিআইডব্লিউটিএ-এর এক কর্মকর্তা শুক্রবার বলেন, "ধর্মঘট বলতে এখন আর কিছুই নেই।"
তবে ধর্মঘটী নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের দাবি, ৮০ ভাগ লঞ্চই মাস্টার-ড্রাইভার দিয়ে চালানো হচ্ছে বলা হলেও বেশিরভাগ লঞ্চ চালাচ্ছে সুকানিরা।
নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে শ্রমিকদের জন্য গ্রহণযোগ্য মজুরি কাঠামোসহ ২২ দফা দাবিতে গত শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন।
এ ধর্মঘটকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার বিকালের মধ্যে নৌযান শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বুধবার বলেন, যারা কাজে যোগ না দেবে, তাদের পেশাগত সনদ বাতিল করা হবে।
শুক্রবার রাত ৯ টা পর্যন্ত ঢাকার সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে ৩৮ টি লঞ্চ ছেড়ে যায়। বিভিন্ন স্থান থেকে ৪১ টি লঞ্চ সদরঘাটে এসেছে। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, সন্ধ্যার পর ঝড়ের কারণে বেশ কয়েকটি লঞ্চ সদরঘাট ছেড়ে যেতে পারেনি।
তবে ধর্মঘটের বিরোধিতাকারী নৌযান শ্রমিক লীগ ও জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মী ছাড়া নৌযান শ্রমিক ফেডারেশনের কাউকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়নি।
শুক্রবার সকালে সদরঘাট ছেড়ে যাওয়া লঞ্চগুলোর মধ্যে রয়েছে- চাঁদপুরগামী সোনারতরী-১, এমভি নিউ মেঘনারানী, ময়ূর-১, বরিশালের মুলাদীগামী লামিয়া, চর ভৈরবীগামী বোগদাদিয়া-৮, হাটুরিয়াগামী স্বর্ণদ্বীপ-৮, মুন্সীগঞ্জগামী এমভি করুণা।
সদরঘাটে বিআইডব্লিউটিএ এর ট্রাফিক ইন্সপেক্টর মো. মাহমুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত যেসব লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিলো তার সবগুলোই সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে।"
তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত সদরঘাট থেকে ৫১টি লঞ্চ ছেড়ে যায়।
এদিকে সুন্দরবন-৮ এর মাস্টার ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মন্ত্রী যতোই হুমকি দিক, আমরা কাজে যোগ দিবো না।"
তিনি বলেন, আমাদের ২২ দফার মধ্যে বেতন-ভাতা বৃদ্ধির চেয়েও সবচেয়ে বড় যে দাবি, তা হলো মাস্টারদের সার্টিফিকেটের মেয়াদ আমৃত্যু করা।
বর্তমানে লঞ্চের মাস্টারদের সনদপত্রের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত। পাঁচ বছর পরে নতুন করে পরীক্ষা দিয়ে সনদপত্র করাতে হয়।
তিনি বলেন, ৮০ ভাগ লঞ্চই মাস্টার-ড্রাইভার দ্বারা চালানো হচ্ছে বলা হলেও কথাটি ঠিক না। বেশিরভাগ লঞ্চই আসলে চালাচ্ছে সুকানিরা।
গত বৃহস্পতিবার নৌ শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে নৌযান শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। নতুন কাঠামোয় মজুরি ৫০ থেকে ১০০ শতাংশ বাড়লেও ফেডারেশন কমপক্ষে ৩০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৫২৯ ঘ.
bdnews24