২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাল দখলের সময় ইউপি চেয়ারম্যানসহ আটক ১৯

ঢাকার সাভারে সশস্ত্র সহযোগীদের নিয়ে খাল দখলের চেষ্টার অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৯ জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 03:39 PM

Updated : 24 Aug 2022, 09:26 PM

সাভার, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে সশস্ত্র সহযোগীদের নিয়ে খাল দখলের চেষ্টার অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৯ জনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের কাউন্দিয়া এলাকায় ফাঁকা গুলি ছুড়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (৪৮) খাল দখলের চেষ্টা করেন বলে র‌্যাব কর্মকর্তারা জানান। আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় সাইফুল ইসলাম এলাকায় জমি দখলসহ একাধিক মামলায় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সাইফুল দলটিতে যোগ দেন। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রান লিডার শাহ মিজান-উল হক সাংবাদিকদের জানান, ফাঁকা গুলিবর্ষণ করে খাল দখল করার সময় অস্ত্রসহ চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তার সহযোগীদের আটক করা হয়। আটক করা অন্যরা হলেন- ওই এলাকার শফি উল্লাহ (৪৫), মো. আলী আকবর (৪৭), কিসমত আলী (৪৮), বশির আহমেদ (৪০), নূরন্নবী বাচ্চু (৪২), আবু তালেব (৪০), মো. হোসেন (৩৫), হরিপদ ধর (৩৬), আনোয়ার-এ আজম (৪২), মনির হোসেন (৪৩), আলমগীর হোসেন (৩৯), সিরাজুল ইসলাম (৫০), তারিকুর রহমান (২৮), লুৎফর রহমান (৩৫), আবু সালেহ লেনিন (২৯), আলম (৪২), মামুন (৪০) ও রিয়াদ (৩২)। র‌্যাবের অভিযানে অংশ নেওয়া সাভার থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহম্মেদ জানান, সিঙ্গাশার গ্রামের পানি নিস্কাশনের খালটি বাঁধ দিয়ে চেয়ারম্যান মাছ চাষ করার চেষ্টা করছেন। সকালে তিনি ওই খালে বাঁধ দিতে গেলে সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। তখন সিঙ্গাসার, খাসিরদিয়া ও পাঁচকানিয়া এলাকার কয়েক হাজার গ্রামবাসী ছুটে আসে। তখন সাইফুল দলবল নিয়ে স্থান ত্যাগ করেন। পরে এলাকাবাসী বিষয়টি র‌্যাবকে অবহিত করে। দুপুর ২টার দিকে আবারো সশস্ত্র অবস্থায় সাইফুল তার সহযোগীদের নিয়ে বাঁধ দিতে আসেন। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে তারা ২৫-৩০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল যায়। এসআই কায়সার জানান, অস্ত্র উদ্ধারে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এলাকায় অভিযান চালায় র‌্যাব। কাউন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সিঙ্গাসার গ্রামের পানি নিস্কাশনের খালটি দখল করতে আসেন চেয়ারম্যান সাইফুল। স্থানীয় আহম্মদ আলী বাধা দিলে চেয়ারম্যান ও তার দলবল তাকে বেধড়ক মারধর করে। বাধা দিতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয় বলে তিনি জানান। র‌্যাব-৪ সাভার ক্যাম্পের কর্মকর্তা শাহ মিজান জানান, রাতে অস্ত্রসহ আটককৃতদের সাভার থানায় সোপর্দ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.