২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ঢাকার সাভার, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী ও পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয় জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 11:25 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী ও পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয় জন। সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হারুন-উর-রশিদ (২৫)। আহত হয়েছে কমপক্ষে চার জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর বাসষ্ট্যান্ডের কাছে ঢাকাগামী একটি বাসকে পাশ কাটাতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁিড়য়ে থাকা পথচারীদের চাপা দেয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও অপর চারজন আহত হয়। পুলিশ ট্রাক ও বাস আটক করলেও এর চালক পালিয়ে গেছে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের থানা বাসষ্ট্যান্ডের কাছে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই ফাতেমা বেগম (৪০) নামের এক পথচারী নিহত হন বলে জানান এসআই সাইফুল ইসলাম। তিনি জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সাভার ও আশুলিয়া থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সোনা মসজিদ মহাসড়কের লালা পাড়ায় বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। নিহতের নাম সাবিরুল ইসলাম (১৮)। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার নিচু ধুমী গ্রামে। আহতের নাম সুমন (২২)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই বাবুল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নীলফামারী প্রতিনিধি জানান, বুধবার রাতে নীলফামারী-ডিমলা সড়কে বুড়ি তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় ঢাকা-ডিমলাগামী হিমাচল এন্টারপ্রাইজের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। আহত হয় কমপক্ষে আরও ৩০জন। নিহতের নাম মিজানুর রহমান। তার বাড়ি ডিমলার রামডাঙ্গা গ্রামে। জলঢাকা থানার ওসি শেখ লেলিন আলমগীর জানান, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা প্রতিনিধি জানান, সকাল ৯টায় সুজানগর হাসপাতালের কাছে একটি দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে এনামুল হক (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাংচুর করে। এতে দুপুর ১টা পর্যন্ত পাবনা সুজানগর রুটে যান চলাচল বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭১৮ ঘ.