ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা স্বম্ভ নির্মাণে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
আওয়ামী লীগ নেতার আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল মজিদ অব্যাহতির আদেশ দেন।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে দায়ের করা এ মামলায় সংসদ সদস্য মোশাররফের পাশাপাশি অব্যাহতি পেয়েছেন অন্য ছয় আসামিও।
তারা হলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব জগন্নাথ দে, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী একেএম মুকিতুর রহমান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কেএম শহিদুজ্জামান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী বদরে ইবরিজ, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকতার কামাল ও সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোকাররামুল বারী।
আদালতের আদেশে বলা হয়, প্রকল্পের কার্যাদেশের মাধ্যমে সরকারের ২ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৩৫৬ টাকা ক্ষতি করা হয়েছে অভিযোগ করা হলেও এ টাকা কোন আসামি কীভাবে আত্মসাত করেছে তার সুস্পষ্ট উল্লেখ এজাহারে নেই। তাই আসামিদের অব্যাহতি দেওয়া হলো।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০২ সালের ৩ ফেব্র"য়ারি রমনা থানায় এ মামলা করে।
এজাহারে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের কাজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন ছাড়াই বেশি দরদাতা ঠিকাদারি প্রতিষ্ঠান কনকর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনকে দেওয়া হয়। যাতে রাষ্ট্রের ২ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৩৫৬ টাকা ক্ষতি হয়েছে, যা পরস্পর যোগসাজশে আত্মসাত করেছেন আসামিরা।
মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দেন ব্যুরোর তৎকালীন পরিদর্শক মো. তৌফিকুল ইসলাম।
এজাহারে প্রকৌশলী আকতার কামাল ও মোকাররামুল বারীকে আসামি করা না হলেও অভিযোগপত্রে তাদের যুক্ত করা হয়।
অন্যদিকে অভিযোগপত্রে আসামির তালিকা থেকে বাদ পড়েন কনকর্ডের চেয়ারম্যান এসএম কামাল উদ্দিন এবং গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোবারক হোসেন ভূইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭১৫ ঘ.
bdnews24