২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ চলাচল স্বাভাবিক, দাবি কর্তৃপক্ষের

নৌযান শ্রমিকদের ধর্মঘট চললেও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়ে এসেছে বলে দাবি করেছে বিআইডব্লিউটিএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 09:05 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌযান শ্রমিকদের ধর্মঘট চললেও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়ে এসেছে বলে দাবি করেছে বিআইডব্লিউটিএ। এদিকে নারায়ণগঞ্জে ধর্মঘটী শ্রমিকদের বিকল করে দেওয়া জ্বালানি তেলবাহী জাহাজের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশ সচল করতে নৌবাহিনী সদস্যরা কাজ শুরু করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকার সদরঘাটে দায়িত্বরত এক কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, নৌমন্ত্রীর হুমকির পর বেশিরভাগ লঞ্চেরই চালক ও কর্মীরা কাজে যোগ দিয়েছেন। তবে এ বিষয়ে ধর্মঘটী নৌযান শ্রমিক ফেডারেশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে নৌশ্রমিকদের জন্য গ্রহণযোগ্য মজুরি কাঠামোসহ ২২ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। এ ধর্মঘটকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে নৌমন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার বিকালের মধ্যে নৌশ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বুধবার বলেন, যারা কাজে যোগ না দেবে, তাদের পেশাগত সনদ বাতিল করা হবে। বৃহস্পতিবার ঢাকার সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে নির্ধারিত লঞ্চের অধিকাংশ ছেড়ে যেতে দেখা যায়। সকাল ১২টা পর্যন্ত নির্ধারিত ১২টি লঞ্চের মধ্যে ১১ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। ধর্মঘটের বিরোধিতাকারী নৌ শ্রমিক লীগ ও জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মী ছাড়া নৌযান শ্রমিক ফেডারেশনের কাউকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়নি। সকালে সদরঘাট ছেড়ে যাওয়া লঞ্চগুলো হচ্ছে- শরীয়তপুরগামী এমভি নাগরিক, শরিয়তপুর-১, চাঁদপুরগামী সোনারতরী ১, এমভি নিউ মেঘনারানী, ময়ূর-১, বরিশালের মুলাদীগামী এমভি জামদা, চর ভৈরবীগামী এমভি শরিয়া-১, বোগদাদিয়া-৮, বালাবাজারগামী মানিক-৩, হাটুরিয়াগামী স্বর্ণদ্বীপ-৮, মুন্সীগঞ্জগামী এমভি করুণা। সরদরঘাটে বিআইডব্লিউটিএ এর ট্রাফিক ইন্সপেক্টর মো. মাহমুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে। ৮০ ভাগ লঞ্চই মাস্টার-ড্রাইভার চালাচ্ছে।" তবে বরিশালের একটি লঞ্চের মাস্টার নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক লঞ্চের মাস্টার দিয়ে অন্য লঞ্চ চালানো হচ্ছে।" গত বৃহস্পতিবার নৌ শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে নৌযান শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। নতুন কাঠামোয় মজুরি ৫০ থেকে ১০০ শতাংশ বাড়লেও ফেডারেশন কমপক্ষে ৩০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ গোদনাইলে অবস্থিত পদ্মা ডিপোর ঘাটে ধর্মঘটী শ্রমিকদের বিকল করে দেওয়া জ্বালানি তেলবাহী জাহাজের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশ সচল করতে নৌবাহিনী সদস্যরা কাজ শুরু করেছে। নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, এ জন্য বুধবার রাত থেকে নৌবাহিনীর ২৪ সদস্যের প্রকৌশলী দল কাজ করছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম জানান, জাহাজ থেকে জ্বালানি তেল খালাস কাজ করা হচ্ছে। তবে নৌযান শ্রমিকরা কাজে যোগ দেয়নি। ধর্মঘটী নৌযান শ্রমিকরা পদ্মার ডিপোর ঘাটে নোঙ্গর করা তেলবাহী জ্বালানি তেলের জাহাজের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশ বিকল করে দেয়। এ পদ্মা ডিপো থেকে বিমানের জ্বালানি তেল সরবরাহ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৫০ ঘ.