২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়ক অবরোধে তাঁতিরা

ধর্মঘটের দ্বিতীয় দিনে নরসিংদীর তাঁত মালিক-শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় চার ঘন্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 07:55 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

নরসিংদী, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মঘটের দ্বিতীয় দিনে নরসিংদীর তাঁত মালিক-শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় চার ঘন্টা অবরোধ করে রাখে। বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি সুবিধাসহ ছয় দফা দাবিতে বুধবার থেকে এ ধর্মঘট শুরু হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মাধবদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রায় পাঁচ হাজার তাঁতি। তারা টায়ার ও বৈদ্যুতিক খুঁটি পুড়িয়ে রাস্তায় আটকে সেখানে অবস্থান নেয়। দুপুর ২টায় অবরোধ তুলে নেওয়া হয় বলে জানান হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন ভুঁইয়া। নরসিংদী সদর থানার উপপরিদর্শক আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় পাঁচ হাজার তাঁতি মহাসড়কে অবস্থান নেয়। এতে রাস্তার দুই পাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।" ধর্মঘটের প্রথম দিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তাঁতবহুল বালসাবাড়ি এলাকার কয়েকশ' তাঁতি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ-পাবনা-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে রাখে। গত শনিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন। লোকমান হোসেন ভুঁইয়া শনিবারের সংবাদ সম্মেলনে বলেন, গত বছর অক্টোবর মাসে বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি বন্ধ হওয়ার পর দেশে সুতার দাম বাড়তে শুরু করে। আমদানি বন্ধের আগে ৪০ কাউন্টের প্রতি পাউন্ড সুতার দাম ছিল ৬৫ টাকা। মাত্র পাঁচ থেকে ছয়মাসের মধ্যে তা বেড়ে ১১৫ টাকায় দাঁড়িয়েছে। বুধবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আইয়ুব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদেশে সব তাঁত বন্ধ রয়েছে। সব তাঁত মালিক কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। সুতার দাম বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তাঁতিরা বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানির দাবি জানিয়ে আসছেন। ভারত থেকে এই স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বর্তমানে নিষিদ্ধ। অন্যদিকে দেশের সুতা উৎপাদকরা বলছেন, বেনাপোল দিয়ে সুতা আমদানির সিদ্ধান্ত হবে আত্মঘাতী। এতে দেশের সুতা শিল্প ধ্বংস হবে। সংগঠনের সহ-সভাপতি জাহিদুল হক ভূঁইয়া জানান, দেশে প্রতি বছর সুতার চাহিদা প্রায় ১০ লাখ মেট্রিক টন। এরমধ্যে নিট শিল্পে সাত লাখ এবং তাঁত শিল্পে তিন লাখ টন। দেশের ২৬৬টি স্পিনিং মিলে সুতার উৎপাদন ক্ষমতা মাত্র ছয় লাখ টন। তাও গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটের কারণে এ উৎপাদন কমে গেছে। ফলে দেশে সুতার বড় ধরণের ঘাটতি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৪০ ঘ.