ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- শুধু নারী সদস্যদের নিয়ে গঠিত বাংলাদেশ পুলিশের একটি ইউনিট প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে যাচ্ছে।
একশ ৬০ সদস্যের ইউনিটটি ভূমিকম্প বিধ্বস্ত হাইতি পুর্নগঠনে অংশ নেবে। ইউনিটের কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বেগম রকফার সুলতানা।
বুধবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে হাইতিগামী পুলিশ সদস্যদের যাত্রাপূর্ব পরামর্শ দেওয়া হয়।
এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেন, "এর আগে ভারত একটি পূর্ণাঙ্গ মহিলা কন্টিনজেন্ট জাতিসংঘে পাঠিয়েছে। দ্বিতীয় দেশ হিসাবে বাংলাদেশ এতে অংশ নিয়ে ইতিহাসের অংশ হয়ে থাকলো।"
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি আমিনুল ইসলাম, এসবির অতিরিক্ত আইজিপি জাভেদ পাটোয়ারী, র্যাব ডিজি হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার এ কে এম শহিদুল হক পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাঈম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
হাইতি মিশনে যোগ দিতে যাওয়া একশ ৬০ সদস্যের আরেক ইউনিটের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার আবু সালেহ মোহম্মদ গোলাম মাহমুদ।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের অভিজ্ঞতার বিবরণ তুলে ধরেন।
দুই মিশনের সদস্যদের মধ্যে আগামী ১৫ মে দু'শজন এবং ১৯ মে একশজন হাইতির উদ্দেশ্য বাংলাদেশ ছাড়বেন। এছাড়া অগ্রবর্তী দলে রয়েছেন ২০ জন সদস্য।
হাইতি মিশন ১৯৯৪ সালে শুরু হয়। এ পর্যন্ত একশ ২০ জন সদস্য সাফল্যের সঙ্গে হাইতি মিশন শেষে দেশে ফিরেছেন।
এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ছয় হাজার তিনশ ৬৯ জন সদস্য জাতিসংঘ মিশনে অংশ নিয়েছেন। এর মধ্যে নারী শান্তিরক্ষীর সংখ্যা ৬০। বর্তমানে বিভিন্ন দেশে কর্মরত শান্তিরক্ষীদের মধ্যে ২৫ জন নারী সদস্য রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসআইটি/এসএইচএ/পিডি/২১৪১ ঘ.
bdnews24