ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত সমালোচনার মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরো চারজন নিহত হয়েছে।
বুধবার ভোররাতে ঢাকায় পুলিশ ও র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' তিনজন এবং কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত হয়।
রাজধানীর পল্লবী বেড়িবাঁধে রাত ৩টায় মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাহাত নামে এক সন্ত্রাসী মারা যায় বলে জানিয়েছে পুলিশ।
রমনা থানার এএসআই মিজানুর রহমান হত্যাকাণ্ডে রাহাত জড়িত ছিলো বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মাহবুব আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিজান হত্যাকাণ্ডে জড়িতরা বেড়িবাঁধে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে 'সন্ত্রাসীরা' পালাতে চাইলে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রাহাত মারা যায়।
অপর ঘটনাটি ঘটে পুরান ঢাকার গেণ্ডারিয়া থানায়। সেখানে নিহত সুমন (২৮) ও আলাউদ্দিন (২৭) সন্ত্রাসী বলে র্যাবের দাবি।
র্যাব-১০ এর সহকারী পরিচালক ডিএম এনামুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গেণ্ডারিয়ায় র্যাবের একটি দল টহল দেওয়ার সময় রাত ২টার দিকে গুলির শব্দ পেয়ে গেণ্ডারিয়া স্কুলের পেছনে আলবার্টো মাঠে যায়।
"সেখানে ৭/৮ জন যুবক বসে ছিলো। র্যাবকে দেখে তারা গুলি ছুড়লে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।"
কিছু সময় গোলাগুলির পর দুই সহযোগীর লাশ ফেলে 'সন্ত্রাসীরা' পালিয়ে যায় বলে এনামুল জানান।
র্যাব জানায়, ঘটনাস্থলে দুটি রিভলবার ও কয়েক রাউন্ড গুলি পাওয়া গেছে।
নিহত সুমন ও আলাউদ্দিন পলাতক শীর্ষসন্ত্রাসী ডাকাত শহীদের সহযোগী এবং তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় অন্তত ২০টি মামলা রয়েছে বলে র্যাব কর্মকর্তা এনামুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কুষ্টিয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার স্বস্তিপুর গ্রামে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয় মিলন ফকির ওরফে জীবন (৩৩) নামে এক ব্যক্তি।
তিনি চরমপন্থী সংগঠন গণ মুক্তিফৌজের সদস্য বলে জানিয়েছেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সিএ হালিম।
জীবনের বাড়ি সদর উপজেলার আলামপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামে।
পুলিশ কর্মকর্তা হালিম সাংবাদিকদের বলেন, স্বস্তিপুর গ্রামের একটি আমবাগানের ভেতর চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়।
"রাত আড়াইটার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট বন্দুকযুদ্ধের পর জীবন নিহত হলে তার সহযোগীরা পালিয়ে যায়।"
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এএসপি হালিম জানান, জীবনের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় হত্যার অভিযোগে চারটিসহ ছয়টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/আরএ/এমআই/১৩১৪ ঘ.
bdnews24