২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দুই 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

একাত্তরে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগে দুই 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে চাঁদপুরের একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 02:15 PM

Updated : 24 Aug 2022, 09:21 PM

চাঁদপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগে দুই 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে চাঁদপুরের একটি আদালতে। মঙ্গলবার জেলার বিচার বিভাগীয় হাকিম আসাদুজ্জামান নুরের আদালতে মামলাটি করেন কচুয়া উপজেলার মধ্যরবাগ গ্রামের মো. ফজলুল হক। আদালত মামলাটি আমলে নিয়ে কচুয়া থানাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী মোবারক হোসেন। আসামিরা হলেন- উপজেলার কাদলা গ্রামের মো. লোকমান আলী ও বিল্লাল হোসেন। মামলায় তাদের রাজাকার বলে উল্লেখ করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ১৯৭১ সালে ৮ সেপ্টেম্বর বিকালে আসামিদের নেতৃত্বে একদল 'রাজাকার' উপজেলার রঘুনাথপুর বাজারে ১২ জনকে হত্যা করেছে। একই সময় তারা নারী নির্যাতন এবং গ্রামের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। হামলায় নিহতদের মধ্যে রয়েছেন- আবদুল মতিন, আব্দুল গফুর, আব্দুল আউয়াল, ছেরাজুল হক, মোখলেছুর রহমান, আমির উদ্দিন ও আব্দুল মালেক। এ মামলায় ১০ জনকে সাক্ষী করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৬ ঘ.