২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ কামনা নৌশ্রমিকদের

নৌ ধর্মঘটের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ চেয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 01:48 PM

Updated : 24 Aug 2022, 09:22 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ ধর্মঘটের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ চেয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নৌশ্রমিক নেতারা ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলমসহ গ্রেপ্তার অন্য নেতাদের মুক্তিও দাবি করেন। সোমবার শাহ আলমকে পুলিশ গ্রেপ্তার করে। বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নৌ ধর্মঘট পরিস্থিতি ব্যাখ্যা করেন ফেডারেশনের সহসভাপতি জিন্নাত আলী। তিনি সংগঠনের কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার, নেতা-কর্মীদের ওপর হয়রানি বন্ধ, শাহ আলমসহ গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবি জানিয়ে বলেন, "ধর্মঘটের ফলে উদ্ভূত পরিস্থিতি নিরসনে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ চাই।'' সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহসভাপতি মোহাম্মদ বাহার। ফেডারেশন নেতা রউফুজ্জামান মিন্টু, আব্দুস সাত্তার, আবু তাহের, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খলিলুর রহমান খান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে নৌশ্রমিকদের জন্য গ্রহণযোগ্য মজুরি কাঠামোসহ ২২ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। তবে নৌযান শ্রমিক লীগ, জাহাজি শ্রমিক ফেডারেশন নতুন মজুরি কাঠামোকে স্বাগত জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩৮ ঘ.