সাভার, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে সাভারের খেজুর বাগান এলাকায় মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তের হামলায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিহত সাইফুল ইসলাম (৩৫) আশুলিয়ার চানগাঁও এলাকার বাসিন্দা।
এ ঘটনায় জড়িত সন্দেহে নুরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাইফুলের বড়ভাই জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে সাইফুল বাড়ির পাশে একটি স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্কের অফিসে যান। এর কিছুক্ষণ পর এলাকার ইকবাল, কোহিনুর, আক্তার, জুয়েল, নুরুল ইসলাম, মুজাসহ ১০/১২ জন ওই অফিসে গিয়ে সাইফুলের ওপর হামলা চালায়।
তারা সাইফুলকে গুলি করে মারাত্মক জখম করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় বাড়ির লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা তাদেরও মারধর ও ছুরিকাঘাত করে।
এলাকায় অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।
বিকালে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনোয়ার হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাইফুল খুন হয়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এখনো মামলা করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯১১ ঘ.
bdnews24