২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে তিন 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে তিন 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে শরীয়তপুরের একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 01:03 PM

Updated : 24 Aug 2022, 09:22 PM

শরীয়তপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে তিন 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে শরীয়তপুরের একটি আদালতে। মঙ্গলবার প্রধান বিচার বিভাগীয় হাকিম উৎপল ভট্টাচার্যের আদালতে মামলাটি করেন সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদার। আদালত মামলাটি আমলে নিয়ে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। মামলায় আসামিদের রাজাকার বলে উল্লেখ করা হয়েছে। আসামিরা হলেন, সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৌলভী সোলায়মান মোল্লা, মাহমুদপুর ইউনিয়নের মৌলভী ইদ্রিস আলী সরদার এবং কাশিপুর গ্রামের সামশুল হক মোল্লা। মামলার নথি থেকে জানা যায়, ১৯৭১ সালের ২২ থেকে ২৫ মে পর্যন্ত প্রধান আসামিরা তাদের সহযোগীদেরসহ পাক হানাদার বাহিনীর সদস্যদের নিয়ে পালং উপজেলা আঙ্গারিয়া, কাশাভোগ, মনোহর বাজার, দক্ষিণ মধ্যপাড়া, উত্তর মধ্যপাড়া, ধানুকা, রুদ্রকর প্রভৃতি হিন্দু প্রধান এলাকায় নয়জন খুন করতে সহায়তা করেছেন। আসামিরা নিহতদের অবস্থান দেখিয়ে দেন, আর সেনা সদস্যরা ব্রাশ ফায়ার করে হত্যা করে। একইদিন তারা তিন শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ধর্ষণ চালায় বলেও আরজিতে উল্লেখ করা হয়। মামলায় শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান আবুল ফজল মাষ্টারসহ ৩০ জনকে সাক্ষী করা হয়েছে। এ নিয়ে শরীয়তপুরে যুদ্ধাপরাধের অভিযোগে দুইটি মামলা দায়ের করা হলো। একাত্তরে হত্যার অভিযোগে যশোরে জাপা নেতা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধেও একইদিন একটি মামলা হয়েছে। এ অভিযোগে সাখাওয়াতের বিরুদ্ধে এ নিয়ে পাঁচটি মামলা হলো বলে জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রউফ। সাখাওয়াত ১৯৯১ সালে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে যোগ দেন বিএনপিতে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি যোগ দেন পিডিপিতে। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে সাখাওয়াত পিডিপি ছেড়ে এরশাদের দলে ভেড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৬ ঘ.