২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া কয়লা খনির ছাদ ধসে নিহত ১

বড়পুকুরিয়া কয়লা খনিতে ছাদ ধসে মঙ্গলবার সকালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২০ জন। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 06:45 AM

Updated : 24 Aug 2022, 09:23 PM

দিনাজপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনিতে ছাদ ধসে মঙ্গলবার সকালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২০ জন। আটকা পড়া শ্রমিকদের মধ্যে সর্বশেষ দুইজনকে রাতে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে নিহত শ্রমিক রনজিত সরকারের লাশ উদ্ধার করা হয় বলে খনি কর্তৃপক্ষ নিশ্চিত করে। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০টার দিকে খনির ১১০৮ নম্বর কূপের ৩ নম্বর ফেইসে ছাদ ধসে পড়ে। ওই সময় খনিতে কর্তব্যরত শ্রমিকদের কয়েকজন লিফটের সাহায্যে দ্রুত ওপরে উঠে এসে দুর্ঘটনার খবর জানালে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার কার্যক্রম শুরু হয়। এরপর খনি পরিচালনাকারী চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি'র কর্মকর্তাসহ বাংলাদেশি প্রকৌশলী ও শ্রমিকদের একটি অংশ একে একে ১৮ জন শ্রমিককে জীবিত উদ্ধার করে। এর মধ্যে নুরুজ্জামান (৩৫), আব্দুর রহিম (৩২), রাকিব (৩৪), আব্দুল খালেক (৩০), আব্দুল কুদ্দুস (৩৩), শাহাদত (৩২), লিটন (২৮), নূর বখত (৩০), গোলাম মোস্তফা (৩৫), জাহাঙ্গীর (৩০), রিয়াজুল ইসলামকে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুর রাজ্জাক (২৯), মিদু (২৮), রব্বানী (২২), মানিক (৩২), রবিউল (৩২), চীনা শ্রমিক লিউ (৪০) ও লিয়ংকে (৩৪) খনির চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। আহত রাজ্জাক ও মানিক সাংবাদিকদের জানান, সকাল ৬টার শিফটে তিনজন চীনা ও ২৯ জন বাংলাদেশি শ্রমিক কূপে নামেন। লিফট পয়েন্টের ৮শ মিটার দূরে কয়লা পরিবহন বেল্টের কাছে কাজ করার সময় বিকট শব্দে খনির ছাদ ধসে পড়ে। ওই সময় প্রচণ্ড ধূলাবালিতে সুড়ঙ্গপথ আছন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পর তারা জ্ঞান হারিয়ে ফেলেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সামশুল আলম, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিব উল ফেরদৌস ঘটনাস্থলে যান। খনির ব্যবস্থাপক কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, সর্বশেষ আটকে পড়া দুই শ্রমিক চীনা মিং সুইং ও বাংলাদেশি মোহাম্মদ আলীকে রাতে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিং সুইংকে সন্ধ্যা ৭টা এবং মোহাম্মদ আলীকে রাত ৮টার দিকে উদ্ধার করা হয়। ১৯৮৫ সালে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের জরিপে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লা খনি আবিষ্কৃত হয়। প্রায় ৫ দশমিক ২৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই খনিতে আনুমানিক ৩৯০ মিলিয়ন মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে বড়পুকুরিয়া খনির কয়লা বাণিজ্যিকভাবে উত্তোলন করা হচ্ছে। কয়লা আহরণে এ খনিতে এ পর্যন্ত ৩৫টি গভীর সুড়ঙ্গ খনন করা হয়। বর্তমানে খনিতে এক হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/এমআই/ডিডি/২১০৩ ঘ.