২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, ঢাকার সাভার ও নওগাঁয় সোমবার সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 05:32 PM

Updated : 24 Aug 2022, 09:19 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, ঢাকার সাভার ও নওগাঁয় সোমবার সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। এর মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি নৈশ কোচ খাদে পড়ে চারজন মারা গেছে। আহত হয়েছে আরো ৫০ জন। এরা সবাই বাসের যাত্রী ছিলেন। রংপুর শহরের ট্রেক্সটাইল মোড়ে ট্রাক চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে তার মা। তিনি একটি স্কুলের শিক্ষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন- লক্ষ্মীপুর: আহত মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসের চালক লক্ষ্মীপুরে নেমে যাওয়ার পর হেলপার বাসটি নিয়ে রামগতির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মিল্লাত একাডেমীর পাশের খাদে পড়ে যায়। পুলিশ জানায়, দুর্ঘটনায় সদর উপজেলার দক্ষিণ চন্দ্রপুর গ্রামের কিশোর চন্দ্র (২৬) ও ভোলার লালমোহন উপজেলার বালুর চর গ্রামের কবির হোসেনসহ (২৫) অজ্ঞাতনামা আরো দুজন নিহত হয়। হতাহতদের বেশিরভাগের বাড়ি ভোলা ও বরিশাল জেলায়। আহতদের কমলনগর ও রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক আবুল বাশার মো. জহুরুল ইসলাম এবং পুলিশ সুপার নজরুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চাঁপাইনবাবগঞ্জ: সদর থানার এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের দ্বারিয়াপুর এলাকায় রাত ৮টার দিকে রাস্তা পারাপারের সময় রাজশাহীগামী একটি ট্রাকের ধাক্কায় রোকসানা (২৫) নামে একজন নিহত হয়েছে। তার বাড়ি পৌর এলাকার দ্বারিয়াপুর পুরাতন পাড়ায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। রংপুর: শহরের ধাপ এলাকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে শহরের টেক্সটাইল মোড়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে মারা যায় রিকশা যাত্রী রেণু। রেণু এবার রংপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। আহত হন তার মা স্কুল শিক্ষক সুফিয়া। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই চন্দন। গাইবান্ধা: ফুলছড়ি থানার ওসি এম এম আহসান হাবিব বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, গাছের চারা ভর্তি একটি ট্রলি উপজেলার কালিরবাজার থেকে উড়িয়া যাচ্ছিলো। এ সময় খুসি নামের এক শিশু হঠাৎ করে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় উঠলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে আহত হয়। পরে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি হাবিব। নওগাঁ: নওগাঁ শহরের খাগড়া ব্রীজ নামক স্থানে দুপুরে ধান বোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলে সুজন (৩০) নামের এক ধান কাটার শ্রমিক নিহত হয়েছে। একই ঘটনায় আরো ৯ জন শ্রমিক মারাত্মক আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত সুজন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আতর আলীর ছেলে। নওগাঁ সদর মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১১-০৬৯৬) ২৮ জন শ্রমিক ছিল। তারা কুষ্টিয়ায় ফিরছিল। আহতদের মধ্যে হাসপাতারে ভর্তি করা হয়েছে- শহিদুল ইসলাম (৪০), মান্টু (২২), মনসুর আলী (২০), শফিকুল ইসলাম (৩০), নাজের আলী শেখ (৪৮) ও রবিউল ইসলামকে (২৩)। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান। সাভার: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি নামক স্থানে যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর সংঘর্ষে ঘটনাস্থলেই টেম্পো চালক মারা যান। আহত হয় টেম্পোর চার যাত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩২৪ ঘ.