নাটোর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের সিংড়ায় বিএনপি নেতা খুনের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য জুনায়েদ আহমেদ ওরফে পলকসহ ৮৭ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
ঘটনার পাঁচদিন পর সোমবার সন্ধ্যায় নিহত বগুড়ার বিএনপি নেতা জাকিরের ভাই বুলু মিয়া বাদি হয়ে সিংড়া থানায় মামলাটি করেন।
গত বুধবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে সিংড়া বাসস্ট্যান্ডে সরকার সমর্থকদের হামলায় নিহত হন বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহবায়ক জাকির হোসেন ।
সিংড়া থানার ওসি আবুল কালাম আজাদ মামলা করার সত্যতা নিশ্চিত করেছেন।
একই ঘটনায় বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান বাদি হয়ে সোমবার অজ্ঞাত সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে পৃথক একটি মামলা করেছেন।
এই মামলায় গাড়ি ভাংচুর ও নির্যাতনের অভিযোগ করা হয়েছে।
সিংড়া থানা জানায়, সোমবার সন্ধায় বিএনপি নেতারা মামলার এজাহার থানায় জমা দিয়েছেন।
হত্যা মামলার এজাহারে স্থানীয় সাংসদ জুনায়েদ আহমেদকে হুকুমদাতা আসামি হিসাবে দেখানো হয়েছে।
বাকি আসামিদের মধ্যে আছেন- সিংড়া উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতা কর্মী।
বাদি অভিযোগ করেন, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে গত ৫ মে রাজশাহীতে খালেদা জিয়ার জনসভা অভিমুখী বগুড়ার বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা পরস্পর মিলে বিএনপি নেতা জাকির হোসেনকে হত্যা ও অন্যান্যদের জখম করে।
মামলা সম্পর্কে সাংসদ জুনায়েদ আহমেদ ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কথিত ঘটনার দিন আমি ঢাকায় সরকারি কাজে নিয়োজিত ছিলাম। রাজনৈতিক প্রতিহিংসায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৬ ঘ.
bdnews24