ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিকুল ইসলাম মিঠু (৪০) হত্যার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
আটকরা সবাই পেশাদার ছিনতাইকারী।
রোববার রাত থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার জানান তুরাগ থানার ওসি আবু সালেহ মো. আনসারউদ্দিন।
তিনি জানান, আটকদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
মিরপুর, দক্ষিণখান, উত্তরা, আশুলিয়া ও টঙ্গি এলাকা থেকে তাদের আটক করা হয়। তদন্তের স্বার্থে আটক কারো নাম জানাতে রাজি হননি ওসি।
ওসি আনসারউদ্দিন বলেন, "মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে যাত্রী নেওয়ার নামে তারা নিয়মিত ছিনতাই করে থাকে বলে স্বীকার করেছে। প্রতিরাতে এরা ১৫/২০টি ছিনতাই করে।"
রোববার সকালে তুরাগ থানার রোস্তমপুরে বেড়িবাধ সড়কের পাশ থেকে মিঠুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।
শনিবার রাতে অফিস শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই মিঠু নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় তুরাগ থানায় অজ্ঞাত আসামীদের দায়ী করে একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২১১১ ঘ.
bdnews24