২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য নরসিংদী, মাদারীপুর ও ঝিনাইদহে তিনটি খুনের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 02:33 PM

Updated : 24 Aug 2022, 09:20 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুকের জন্য নরসিংদী, মাদারীপুর ও ঝিনাইদহে তিনটি খুনের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার আসামিদের উপস্থিতিতে আদালত রায় দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন - নরসিংদী: স্ত্রী খুনের অপরাধে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার। বাকি ছয় আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডিত আসামির নাম- জয়নাল আবেদীন। তার বাড়ি সদর উপজেলার টাটাপাড়া গ্রামে। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৫ নভেম্বর রাতে যৌতুকের জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে জয়নাল তার স্ত্রী ফাতেমা বেগমকে শ্বাসরোধ করে খুন করেন। এ ব্যাপারে ফাতেমার বাবা শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের শাজাহান মৃধা বাদি হয়ে সাতজনকে আসামিকে করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মাদারীপুর: স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসি ও এক লাখ টাকা অর্থ দণ্ডের আদেশ দিয়েছে আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম- পবিত্র রায়। তার বাড়ি রাজৈর উপজেলার সাতপাড়া গ্রামে। মামলার নথি থেকে জানা যায়, এক লাখ টাকা যৌতুকের জন্য ২০০৩ সালের ৯ অক্টোবর পবিত্র তার স্ত্রী সুষমা রায়কে নির্যাতন করে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিহতের মুখে বিষ ঢেলে আত্মহত্যার অপপ্রচার চালান। ঝিনাইদহ: যৌতুকের জন্য স্ত্রী হাসিনা বেগমকে হত্যার দায়ে মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ এবং শিশু ও নারী নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মফিজুল ইসলাম। মোশারফের বাড়ি সদর উপজেলার চাপড়ী গ্রামে। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৩ ডিসেম্বর রাতে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যান মোশারফ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০২৬ ঘ.