২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে গুলিবিদ্ধ হয়ে সোমবার বিকালে এক বাংলাদেশি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 02:11 PM

Updated : 24 Aug 2022, 09:20 PM

সিলেট, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে গুলিবিদ্ধ হয়ে সোমবার বিকালে এক বাংলাদেশি মারা গেছেন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানালেও বিডিআর কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে তাদের ধারণা এটি খাসিয়াদের ব্যবহৃত বন্দুকের 'ছররা' গুলি। নিহত ব্যক্তির নাম- জামাল উদ্দিন (২৮)। তিনি গোয়াইঘাটের বগাইয়া মুসলিশ পাড়ার আব্দুল মতিনের ছেলে। বিছনাকান্দি গ্রামের জসিম উদ্দিন জানান, বিকাল ৪টার দিকে সীমান্তের ১২৬৩ নম্বর পিলারের কাছে বাংলাদেশের ভূ-খণ্ডে গরু চরানোর সময় বিএসএফ জওয়ানরা জামালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিছনাকান্দি বিডিআর ফাঁড়ির সদস্যরা তার লাশ উদ্ধার করে। লাশটি এখন পর্যন্ত ওই বিডিআর ফাঁড়িতে রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ২১ রাইফেলস ব্যাটালিয়নের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিটি বিএসএফ'র কিনা এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকরা গুলিটি বের করার পর পরীক্ষা করে তা নিশ্চিত হওয়া যাবে। তিনি জানান, এ ঘটনা পর বিডিআর সীমান্তে টহল জোরদার করেছে এবং সতর্ক অবস্থানে রয়েছে। গোয়াইনঘাট থানার ওসি মঈন উদ্দিন চৌধুরী জানান, স্থানীয়রা তাকে জানিয়েছেন বিএসএফ জামাল উদ্দিনকে গুলি করে হত্যা করেছে। জেলার জৈন্তাপুর সীমান্তে বিরোধপূর্ণ ডিবির হাওরে ভারতীয় খাসিয়াদের মাছ ধরা নিয়ে সীমান্তে প্রায় উত্তেজনা দেখা দেয়। কিছুদিন আগে বিএসএফ'র গুলিতে কয়েকজন বাংলাদেশি আহত হয়। সীমান্তে খাসিয়াদের সঙ্গে বাংলাদেশিদের সংঘর্ষের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। এ বছর নয়া দিল্লিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে বিডিআর-বিসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে আলোচনাও হয়েছে। আগের বছর ঢাকা সম্মেলনে সীমান্ত গুলি বন্ধের প্রতিশ্র"তি দিয়েছিল বিএসএফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.