২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি গ্রেপ্তার

নৌযান শ্রমিক লীগের কার্যালয় ভাংচুরের মামলায় ধর্মঘটী নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 08:43 AM

Updated : 24 Aug 2022, 09:21 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌযান শ্রমিক লীগের কার্যালয় ভাংচুরের মামলায় ধর্মঘটী নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পল্টন এলাকা থেকে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সালাউদ্দিন আহমেদ। নৌযান শ্রমিক লীগের কার্যালয়ে হামলা, ভাংচুর এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগে দ্রুত বিচার আইনে গত ৭ মে'র তারিখে মামলাটি করা হয়। তবে মামলার বিষয়টি প্রকাশ হয় রোববার। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম রোববার রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনৈক সজীব আহমেদ গত ৭ মে মামলাটি করেন। মামলায় ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর রহমানসহ (পটল) প্রায় একশ ২৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সভাপতি মাঈনুল হক মঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সজীব তার সংগঠনের একজন নেতা। মামলায় অভিযুক্তদের মধ্যে নৌযান শ্রমিক ফেডারেশনের কোষাধ্যক্ষ আব্দুল মালেকও রয়েছেন। এ ব্যাপারে মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ৭ মে'র তারিখে মামলা হয়েছে দেখানো হলেও প্রকাশ হয়েছে আজই।" তিনি দাবি করেন, "এতে অনেককে অভিযুক্ত করা হয়েছে, যারা ওই সময় সদরঘাট এলাকায় ছিলোই না।" ভারপ্রাপ্ত সভাপতি ও কোষাধ্যক্ষ অভিযোগ করেন, আন্দোলন দমনে সরকার একটি 'পকেট সংগঠনের' নেতাদের দিয়ে বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে। তবুও ফেডারেশন আইনগতভাবে এ বিষয়টি মোকাবেলা করবে বলে জানান তারা। তারা তাদের 'কর্মবিরতি'ও প্রত্যাহার করবে না। মামলা প্রসঙ্গে শ্রমিক লীগের সভাপতি বলেন, "ঘটনায় যারা জড়িত ছিলো তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। মামলার স্বাক্ষীও রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমকে/এজে/১৪৩৬ ঘ.