চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
রোববার রাতে চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে তার বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও নৈশ ভোজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মরিয়ার্টি বলেন, চট্টগ্রাম সিটি কর্পেরেশনের সম্ভাব্য নির্বাচনের প্রক্রিয়া, পদ্ধতি ও রাজনৈতিক দলগুলোর কার্যক্রম যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করতে আগ্রহী।
মেয়রের চশমা হিলের বাসভবনে মরিয়ার্টি রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অবস্থান করেন। এ সময় সিটি কর্পোরেশন নির্বাচন, চট্টগ্রামে বিনিয়োগ পরিস্থিতি এবং চট্টগ্রাম বন্দর নিয়ে কথা হয়।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ভোলা উপ-নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিএনপি'র চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে মরিয়ার্টি বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পিছিয়ে যাবার বিষয়েও তিনি একই মন্তব্য করেন।
চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের সব সমুদ্র বন্দরের মতো চট্টগ্রাম বন্দরকেও 'সেইফ এন্ড সিকিউরড' দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে তারা চট্টগ্রাম বন্দরে সহায়তা করছে। প্রয়োজনে এ সহায়তা আরো বাড়াতে তারা প্রস্তুত বলে জানান মরিয়ার্টি।
স
bdnews24