ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে বিশেষ আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল এবং তার স্ত্রী রূপা চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার আদালতে আত্মসমর্পণের পর কারাগার থেকে চিকিৎসার জন্য তাদেরকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসার জন্য রাত সোয়া ৮টার দিকে তাদের গুলশানের সিকদার মেডিক্যাল কলেজে পাঠানো হয়।"
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশররফ হোসেন কাজল রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হেলাল ও তার স্ত্রী দুপুরে অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের একটি মামলায় বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজ্জামেল হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন। এরপর বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।"
তিনি আরো বলেন, "শেখ হেলাল চাঁদাবাজির দায়ে সাত বছরের দণ্ড পাওয়া আরেকটি মামলাতেও আরেকটি আদালত থেকেও জামিন চাইলে আদালত তাও নাকচ করে দেয়।"
২০০৮ সালের ২৪ ফেব্র"য়ারি তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালত অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অপরাধে হেলালকে ১৩ বছরের কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়।
স্বামীর দুর্নীতিতে সহযোগিতা করায় হেলালের স্ত্রী রূপা চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয় ওই আদালত।
ওই সময় হেলাল ও রূপা পলাতক ছিলেন বলে তাদের গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়।
একই বছরের ১২ ফেব্র"য়ারি অন্য একটি চাঁদাবাজি মামলার রায়ে শেখ হেলালকে সাত বছর কারাদণ্ড দেয় আদালত।
'পলাতক' অবস্থায় নির্বাচন করে তিনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বাগেরহাট থেকে আওয়ামী লীগের হয়ে জয়ী হন।
২০০৯ সালের ১১ জানুয়ারি উচ্চ আদালতে আত্মসমর্পণ করে মামলার সাজা বাতিলের আবেদন করেন হেলাল।
পরদিন বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও মো. আফজাল হোসেনকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হেলালকে তিন মাসের জামিন দেয়।
এছাড়াও আদালত ওই দুই মামলার সাজা স্থগিত করে মামলা প্রক্রিয়া কেন তুলে নেওয়া হবে না তার কারণ ব্যাখ্যা করার জন্য সরকারকে আদেশ দেয়।
একই বেঞ্চ রূপা চৌধুরীকে দুই মাসের জামিন দেয়।
রোববার বাংলা দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন বিষয়টি নিয়ে আর এগোয়নি। ফলে মামলাটি অনিস্পন্ন অবস্থায় এতদিন ঝুলে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিসি/এসএম/জিএনএ/২২৩০ ঘ.
bdnews24