২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন সরঞ্জামসহ ৬ ভারতীয় নাগরিক আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে ছয় ভারতীয় নাগরিকসহ আটজনকে আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 03:27 PM

Updated : 24 Aug 2022, 09:17 PM

সিলেট, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে ছয় ভারতীয় নাগরিকসহ আটজনকে আটক করেছে বিডিআর। রোববার বিকালে সীমান্তের শ্রীপুর এলাকা থেকে এদের আটক করা হয়। তাদের কাছ উদ্ধার করা হয় সামরিক বাহিনীর উর্দির মত দেখতে ২০ সেট পোশাক, ১০টি ভারতীয় মোবাইল ফোনে সিমসহ ১২টি সিম, ছয়টি মোবাইল ফোন সেট ও প্রায় ২২ হাজার রুপি। তবে এসব পোশাক ভারতীয় সশস্ত্র বাহিনীর উর্দির মত কিনা সেটা জানায়নি বিডিআর। আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন- ইন্দ্রজিৎ সিংহ (৪০), লাখপতি সিংহ (২৬), রবিন সিংহ (১৪), রংচন সিংহ (১৭), রনজিদা দেবী (২০) ও সাবনা দেবী (৩৫)। দুই বাংলাদেশি হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জের সিরাজ মিয়া (২৮) ও সিলেটের জাফলংয়ের জিতেন্দ্র (২২)। ২১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, বিকাল ৪টা ১০ মিনিটে শ্রীপুর এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিডিআরের একটি টহল দল মনিপুরী জনগোষ্ঠীর ছয় ভারতীয় নাগরিককে আটক করে। তাদের সঙ্গে থাকা দুই বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়। তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তরে প্রক্রিয়া চলছে বলে জানান বিডিআর কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৪ ঘ.