২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএন বাংলার ক্যামেরাম্যানের লাশ উদ্ধার

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার জেষ্ঠ্য ক্যামেরাম্যানের লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 09:10 AM

Updated : 24 Aug 2022, 09:18 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার জেষ্ঠ্য ক্যামেরাম্যানের লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। ক্যামেরাম্যান শফিকুল ইসলাম মিঠু (৩৩) রাজধানীর দক্ষিণ খান এলাকার কাওলায় থাকতেন। রোববার সকালে তুরাগ থানার রুস্তমপুর বেড়িবাঁধের কাছে রাস্তার পাশে লোকজন তার লাশ পরে থাকতে দেখে। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এটিএন বাংলার একজন সিনিয়র সাংবাদিক জানান, মিঠুর ভাই লাশ সনাক্ত করেন। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিঠুর গলায় ও হাতে জখমের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টা ১২টার দিকে অফিস থেকে বাসার উদ্দেশে রওনা হওয়ার পর তিনি নিখোঁজ হন। বাসায় না ফেরায় রোববার সকালে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এ ঘটনায় মিঠুর ছোটভাই রহমতউল্লাহ অজ্ঞাত আসামীদের দায়ী করে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেবি/কেএমএস/১৫০০ ঘ.