২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল পাম্পে ধর্মঘট স্থগিত

ধর্মঘট এক মাসের জন্য স্থগিত করেছে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 08:49 AM

Updated : 24 Aug 2022, 09:18 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মঘট এক মাসের জন্য স্থগিত করেছে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ১৩ দফা দাবিতে তারা রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলে সারাদেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি বন্ধ হয়ে যায়। ট্যাংক লরিগুলোও তেল সরবরাহ বন্ধ করে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী এবং জ্বালানি প্রতিমন্ত্রী মো. এনামুল হকের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বৈঠকের পর পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক সাংবাদিকদের বলেন, সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় ধর্মঘট এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, তাদের বেশ কিছু সমস্যা সমাধানযোগ্য। এসব সমাধানে মন্ত্রণালয় থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে কিছু সমস্যা রয়েছে যা সমাধানে অন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। সেক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় সভা করে সমাধান করতে হবে। এজন্য জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে উপদেষ্টা জানান। কমিটিকে আগামী এক মাসের মধ্যে সমস্যাগুলো সমাধানে করণীয় নির্ধারণ করে সুপারিশ আকারে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। সুপারিশগুলো বাস্তবায়নে মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। উপদেষ্টা বলেন, "এ কমিটি শুধু সুপারিশ প্রণয়নই করবে না। এসব বাস্তবায়ন এবং পরবর্তী অবস্থায় তদারকির দায়িত্বে থাকবে। ফলে এটি অনেক বেশি কার্যকর হবে।" নাজমুল জানান, প্রাথমিক দাবি মেনে নেওয়ার অংশ হিসেবে সরকার মালিকদের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকার তেল বিক্রির কমিশন প্রতি লিটারে ৫ পয়সা বাড়িয়ে ২৮ পয়সা নির্ধারণ করলেও তা মেনে নেয়নি ঐক্য পরিষদ। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, পিডিবির চেয়ারম্যান এএসএম আলমগীর কবির ও বিপিসি'র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঐক্য পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ১৩ দফা দাবির মধ্যে রয়েছে- তেল বিক্রির কমিশন বাড়ানো, পেট্রোল পাম্প স্থাপনে নীতিমালা প্রণয়ন, প্রত্যেক ডিপোতে টেস্টিং ল্যাবরেটরি স্থাপন, ৫ লাখ টাকার দুর্ঘটনা বীমা চালু, ডিপো সংলগ্ন স্থানে লরি টার্মিনাল-বিশ্রামাগার নির্মাণ, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি এবং লরির কাগজপত্র পরীক্ষার নামে পুলিশি 'হয়রানি' বন্ধ। একই দাবিতে দুই মাস আগে প্রতীকী ধর্মঘট করে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬২০ ঘ.