২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণ হরতাল বগুড়ায়

বড় ধরনের গোলযোগ ছাড়াই আধাবেলা হরতাল পালিত হয়েছে বগুড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 07:18 AM

Updated : 24 Aug 2022, 09:19 PM

বগুড়া, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ধরনের গোলযোগ ছাড়াই আধাবেলা হরতাল পালিত হয়েছে বগুড়ায়। বর্তমান সরকারের আমলে প্রধান বিরোধী দল বিএনপির ডাকা প্রথম হরতাল ছিলো এটি। হরতালে জেলায় কোনো ধরনের গাড়ি চলাচল করেনি। পিকেটাররা আটকে দিলেও পুলিশের তৎপরতায় ট্রেন চলেছে। গত ৫ মে রাজশাহীতে খালেদা জিয়ার সমাবেশে যাওয়ার পথে নাটোরের সিংড়ায় সরকার সমর্থকদের হামলায় বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন নিহত হয় বলে বিএনপির অভিযোগ। এর প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। হরতালের সমর্থনে জেলা শহরে সকাল থেকে দফায় দফায় মিছিল করে বিএনপি। দুপুরে কর্মসূচি শেষে এক সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, কর্মসূচি সফল হয়েছে। এ হরতাল থেকে সরকার পতনের আন্দোলনের শুরু হলো। সকাল থেকে গুটিকয়েক রিকশা ছাড়া আর কোনো ধরনের গাড়ি চলেনি। তবে পিকেটাররা বিআরটিসির একটি বাসসহ তিনটি ট্রাক ভাংচুর করেছে। এইচএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত ছিলো। তবে রিকশা চলাচল কম থাকায় পরীক্ষার্থীদের হেঁটেই কেন্দ্রে যেতে দেখা যায়। বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো বগুড়া জেলার শেষ সীমানা চাঁন্দাইকোন, সিরাজগঞ্জ বাজার, নন্দিগ্রামের শেষ প্রান্ত, ফাঁসিতলা এলাকায় এসে বগুড়ায় না ঢুকে যাত্রী নামিয়ে দেয় বলে স্থানীয়রা জানান। বিআরটিসির বগুড়া কার্যালয়ের ব্যবস্থাপক আজাহার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের বাস চলাচল করেছে। গোকুল এলাকায় পিকেটাররা একটি বাস ভাংচুর করে। বগুড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার বেঞ্জুরুল ইসলাম জানান, ট্রেন চলাচল করেছে। তবে সকাল সাড়ে ৭টায় কাহালু এবং সকাল সাড়ে ১০টায় তালোড়া এলাকায় দুটি ট্রেন পিকেটাররা আটকে দেয়। পরে পুলিশ গিয়ে পিকেটারদের হটিয়ে দেয়। বগুড়া সদর থানার উপপরিদর্শক মঞ্জুরুল হক বলেন, হরতালে বিএনপি নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে তিনি জানান, শহরতলীর মাটিডালী মোড়ে বিআরটিসির একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে, তিনমাথায় একটি কাভার্ড ভ্যান ও মাটিডালীতে দুটি পণ্যবাহী ট্রাক ভাংচুরের খবর শুনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৩ ঘ.