ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানির সুবিধাসহ ছয় দফা দাবিতে আগামী ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাচ্ছেন তাঁত মালিকরা।
জাতীয় প্রেসক্লাবে শনিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসেসিয়েশনের নেতারা। তারা বলেছেন, সুতার দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। বিকেএমইএ'র সহ-সভাপতি জাহিদুল হক ভুঁইয়া ও পরিচালক তাপস কুমার সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সুতার দাম বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তাঁতিরা বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানির দাবি জানিয়ে আসছেন। ভারত থেকে এই স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বর্তমানে নিষিদ্ধ।
অন্যদিকে দেশের সুতা উৎপাদকরা বলছেন, বেনাপোল দিয়ে সুতা আমদানির সিদ্ধান্ত হবে আত্মঘাতী। এতে দেশের সুতা শিল্প ধ্বংস হবে।
হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসেসিয়েশনের সভাপতি নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন ভুঁইয়া বলেন, গত বছর অক্টোবর মাসে বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি বন্ধ হওয়ার পর দেশে সুতার দাম বাড়তে শুরু করে। আমদানি বন্ধের আগে ৪০ কাউন্টের প্রতি পাউন্ড সুতার দাম ছিল ৬৫ টাকা। মাত্র পাঁচ থেকে ছয়মাসের মধ্যে তা বেড়ে ১১৫ টাকায় দাঁড়িয়েছে।
তিনি বলেন, সুতার দাম প্রতি পাউন্ডে ৫০ টাকা বেড়ে যাওয়ায় তাঁত মালিকরা তাদের প্রতিষ্ঠান চালাতে পারছেন না। কারণ, সুতার দাম বাড়লেও তারা উৎপাদিত পণ্যের দাম বাড়াতে পারছেন না। এজন্য ইতোমধ্যেই দেশের ৬০ শতাংশ তাঁত বন্ধ হয়ে গেছে। সুতার দাম নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে অন্য কারখানাগুলোও বন্ধ হয়ে যাবে।
'সুতার দাম কমাতে বেনাপোল স্থলবন্দর খুলে দেয়ার ব্যাপারে বস্ত্র ও পাট মন্ত্রী আশ্বাস দিয়েও কথা রাখেননি' বলে অভিযোগ করে লোকমান হোসেন বলেন, এ অবস্থায় ধুকে ধুকে মরার চেয়ে একেবারেই এ শিল্প বন্ধ করে দেয়া ভাল। তাই মালিক সমিতি আগামী ১২ মে থেকে সকল তাঁত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি সুতা উৎপাদনকারী ব্যবসায়ীদের সংগঠন বিটিএমএ'র সভাপতি আব্দুল হাই সরকারকে 'সুতা সিন্ডিকেট' নেতা হিসেবে উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক বাজারে সকল পণ্যেরই মূল্য বাড়ে। কিন্তু এমনভাবে বাড়ে না। দেশে সুতার দাম প্রতিদিন তিনবার করে বাড়ে। বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধের পর থেকেই এভাবে দাম বাড়ছে।
লোকমান হোসেনের এ অভিযোগ অস্বীকার করে আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরণের কোন সিন্ডিকেটের সঙ্গে আমার সম্পর্ক নেই। এ অভিযোগ ভিত্তিহীনভাবে উপস্থাপন করা হয়েছে। কারণ, দেশীয় শিল্পের জন্য আমার কারখানায় সুতা উৎপাদন হয় না। আমার কারখানার সুতা রপ্তানি হয়।
উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় সুতার দাম বাড়ার কথা স্বীকার করে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকটে কারখানাগুলোয় সুতার উৎপাদন কমেছে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে সুতার দাম বেড়েছে। আর এসব কারণেই দেশে সুতার দাম বেড়েছে। তবে এর সঙ্গে কিছু ব্যবসায়ীর অতিরিক্ত মুনাফা করার মানসিকতাও রয়েছে।
সংবাদ সম্মেলনে বিকেএমইএ'র সহ-সভাপতি জাহিদুল হক ভূঁইয়া জানান, দেশে প্রতি বছর সুতার চাহিদা প্রায় ১০ লাখ মেট্রিক টন। এরমধ্যে নিট শিল্পে সাত লাখ এবং তাঁত শিল্পে তিন লাখ টন। দেশের ২৬৬টি স্পিনিং মিলে সুতার উৎপাদন ক্ষমতা মাত্র ছয় লাখ টন। তাও গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে এ উৎপাদন কমে গেছে। ফলে দেশে সুতার বড় ধরণের ঘাটতি রয়েছে।
বিকেএমইএ নেতা বলেন, শুধু অবৈধভাবে প্রবেশের অভিযোগ তুলে বেনাপোল দিয়ে সুতা আমদানি বন্ধ রাখা হয়েছে। কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়েও তো অবৈধভাবে সুতা আসার সুযোগ রয়েছে। তাই বেনাপোল দিয়ে সুতার আমদানি বন্ধ রাখা যুক্তিযুক্ত নয়। এই বন্দর দিয়ে আমদানিকারকরা কম ব্যয়ে সুতা আনতে পারেন।
সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি পুরণে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৮৩৯ ঘ.
bdnews24