ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামলীতে গুলি চালানোর পর কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
অন্যদিকে কদমতলীতে খুন হয়েছেন এক নারী এবং তার চার বছর বয়সি সন্তান।
শনিবার সকালে শ্যামলীতে সন্ত্রাসী হামলায় নিহত আব্দুস সামাদ (৪০) এর বিরুদ্ধেও সন্ত্রাসের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
শেরেবাংলা নগর থানার ওসি রিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে শ্যামলী ২ নম্বর রোডে কাজী অফিসের সামনে সামাদকে গুলি করার পর কুপিয়ে ও জবাই করে ফেলে যায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, নিহত সামাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে সাতটি মামলা রয়েছে।
কদমতলী থানা পুলিশ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শনির আখড়ার রেনেসাঁ স্কুলের সামনের একটি বাড়ি থেকে মা ও সন্তানের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- ইয়াসমীন আক্তার (২৬) ও ইরিন আলম তালহা। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুজনের লাশ হাত-পা বাঁধা অবস্থায় বিছানার ওপর পড়ে ছিলো।
ইয়াসমীনের স্বামী প্রকৌশলী শাহ আলম ঢাকার বাহিরে কর্মরত।
এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এসআই মোস্তফা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/কিউএইচ/এমআই/১৩০০ ঘ.
bdnews24