২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে পিটিয়ে হত্যা

জমির বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে নাটোরে আহত হয়েছেন ১১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 08:59 AM

Updated : 24 Aug 2022, 09:14 PM

ব্রাহ্মণবাড়িয়া/নাটোর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমির বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে নাটোরে আহত হয়েছেন ১১ জন। সরাইলের ঘটনাটি ঘটেছে পানিশ্বর ইউনিয়নের দেওবাড়ি গ্রামে। শুক্রবার সকালে ক্ষেতের বোরো ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আজগর আলী (৬৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায় বলে সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। নিহতের আত্মীয় সুরুজ মিয়া সাংবাদিকদের বলেন, জমি নিয়ে গ্রামের মো. শাহজাহানের সঙ্গে আজগরের বিরোধ ছিলো। সকালে আজগর ওই জমিতে ধান কাটতে গেলে শাহজানের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে। নাটোরের ঘটনাটি ঘটেছে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর গ্রামে। সকালে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ১১ জন আহত হয়েছেন বলে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানিয়েছেন। মহেশ্বর বাজারের একটি জমি নিয়ে স্থানীয় হাশেম আলী ও ইদ্রিস আলীর মধ্যে বিরোধ ছিলো। পুলিশ জানায়, সকালে হাশেম আলীর দোকান ইদ্রিস আলী দখল করতে গেলে সংঘাত বাঁধে। পুলিশ কর্মকর্তা ফরিদ সাংবাদিকদের বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.