সিলেট, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীতে কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে প্রতিপক্ষ।
নিহত সাজু আহমেদকে (২৮) ছাত্রদলকর্মী বলে দাবি করেছে সংগঠনটির একটি অংশ। এই হত্যাকাণ্ডের জন্য তারা বিএনপির একটি অংশকে দায়ী করেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় নগরীর তালতলা এলাকায় সাজুকে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১২টায় তার মৃত্যু বলে পুলিশ জানায়।
একই সময় নগরীর জিন্দাবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় বিএনপির দুই গ্র"পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সাজু বিশ্বনাথ উপজেলার ছোটদিঘী গ্রামের মনফর আলীর ছেলে।
মনফর আলীও সাংবাদিকদের কাছে দাবি করেন, তার ছেলে ছাত্রদল করতো এবং সিলেট নগরীতে থাকতো।
ছেলের খুনীদের শাস্তি দাবি করে তিনি বলেন, থানায় হত্যা মামলা করবেন তিনি।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাজু ছাত্রদলকর্মী কিনা এ বিষয়ে তারা নিশ্চিত নন। তবে তার বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি ডাকাতি মামলা রয়েছে।
তিনি বলেন, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কেউ মামলা করেনি।
বিএনপি নেতা ইলিয়াস আলী সমর্থক হিসেবে পরিস্থিতি সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলে, "বিএনপির কমরপন্থীরাই সাজুকে হত্যা করেছে।"
যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমরউদ্দিন চৌধুরীর সমর্থক (প্রয়াত সাইফুর রহমান অনুসারী) হিসেবে পরিচিতি দলটির সিলেট শাখার নেতা আবুল কাহের শামীম অভিযোগ অস্বীকার করে বলেন, সাজু ছাত্রদলকর্মী নয়। হামলার সঙ্গে জড়িত নয় তাদের নেতাকর্মীরা।
এ ছাড়া তালতলা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
শুক্রবার বেলা পৌনে ২টায় ময়না তদন্ত শেষে সাজুর লাশ কড়া পুলিশ পাহারায় তার গ্রামের বাড়ি ছোটদিঘীতে পাঠানো হয়। বাদ আছর জানাজা শেষে স্থানীয় গোরস্থানে লাশ দাফন করা হয়।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান জানান, ছাত্রদল কর্মী সাজু খুনের খবর শুনে শুক্রবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা ভিড় করেন।
সাজুর পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা করে নগরীতে প্রথম জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেন, পুলিশ অস্ত্রবাজদের গ্রেফতার করছে না। উল্টো জানাজা করতে দেয়নি।
তিনি বলেন, সাজুর লাশ নিয়ে শোকার্ত নেতাকর্মীরা নগরীতে মিছিল করতে চাইলে পুলিশ লাশ দলীয় নেতাকর্মীদের কাছে হস্তান্তর করেনি।
এ ব্যাপারে কোতয়ালি থানার এসআই আনিস বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নগরীতে লাশ নিয়ে মিছিল ও জানাজা করতে দেওয়া হয়নি।
বুধবার রাজশাহীতে সমাবেশে যাওয়ার পথে নাটোরে ছাত্রলীগের হামলায় বগুড়া বিএনপির এক নেতা নিহত হন। এ ঘটনার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে সিলেট বিএনপির একাংশ বৃহস্পতিবার নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ ডাকে। এ নিয়ে ইলিয়াস সমর্থক দলের অপর অংশের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ১০ জন। গ্রেপ্তার করা হয় ২০ জনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24