চট্টগ্রাম, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীতে রকমারি ল্যাপটপের মেলা সাজিয়ে বসেছে বিভিন্ন প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে শুরু হয়েছে এ মেলা, যা চলবে শনিবার পর্যন্ত।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী মেলা উদ্বোধন করেন। তিনি আশা করেন, প্রযুক্তি ব্যবহারে দেশের মানুষকে আগ্রহী করে তুলতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশকে এগিয়ে নিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি।
মেকার কমিউনিকেশন আয়োজিত এ মেলায় মেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং দৈনিক আজাদী ও রেডিও টুডে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এতে ঢুকতে ১০ টাকার টিকিট কিনতে হবে।
চট্টগ্রামে তৃতীয়বারের মতো আয়োজিত এ মেলায় ল্যাপটপ প্রস্তুতকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও তাদের স্থানীয় এজেন্টরা অংশ নিচ্ছে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- এক্সিকিউটিভ টেকনোলজিস, কম্পিউটার সোর্স, ফ্লোরা লিমিটেড, স্মার্ট টেকনোলজিস, আইওএম, কম্পিউটার ভ্যালি, রিশিত কম্পিউটার্স, এক্সল টেকনোলজিস, কম্পিউটার ভিলেজ, খান জাহান আলী কম্পিউটার্স, ইনডেক্স আইটি লিমিটেড, গ্রামীণফোন ও ইন্টেল।
মেলার দ্বিতীয় দিন হবে তথ্য প্রযুক্তি বিষয়ক সেমিনার। এতে আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ আলম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শক মুনীর হাসান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলার পৃষ্ঠপোষক গ্রামীণফোনের চট্টগ্রাম অঞ্চলের প্রধান জাকির হাসান, মেকার কমিউনিকেশনের কো-অর্ডিনেটর সুলতান মাহমুদ।
শনিবার বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের থাকার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24