নয়া দিল্লি প্রতিনিধি
নয়া দিল্লি, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দল ভারতের বিদ্যুৎমন্ত্রী সুশীল কুমার সিন্ধের সঙ্গে বৈঠক করেছেন।
বাংলাদেশ-ভারত যৌথ ইশতেহার বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য গত মঙ্গলবার প্রতিনিধি দলটি ভারত যায়।
বৃহস্পতিবার বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারা। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনসাল ও পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে।
তিস্তার পানি বণ্টন নিয়ে একটি চুক্তি সই এবং বিদ্যুৎ আনার বিষয় নিয়ে ভারতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তারা।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সফরসঙ্গী রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া ডেস্ক) মোহাম্মদ ইমরান।
গত জানুয়ারিতে শেখ হাসিনার ভারত সফরের সময় দুদেশের মধ্যে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি এবং বিদ্যুৎ খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত দু'টি সমঝোতা স্মারক সই হয়।
ভারত তখন বাংলাদেশকে আড়াইশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের অঙ্গীকার করে।
এ বিষয়ক আলোচনা এগিয়ে নিতে গত সোমবার উচ্চ পর্যায়ের একটি কমিটি করে বাংলাদেশ সরকার। তাতে উপদেষ্টা মসিউরও রয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পরিকল্পনামন্ত্রী একে খন্দকারও ওই কমিটির সদস্য। যারা জানুয়ারিতে স্বাক্ষরিত সমঝোতা স্মারক খতিয়ে দেখছেন।
প্রতিনিধি দলটি আগামী ৮ মে দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার) মুনা তাসনীম।
স
bdnews24