ব্রাহ্মণবাড়িয়া, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে।
একটি ট্রাকের সঙ্গে পুলিশের একটি পিকআপের সংঘর্ষে তারা আহত হন বলে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার সঞ্জয় সরকার জানিয়েছেন।
কুমিল্লা-সিলেট সড়কের সুলতানপুর এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপপরিদর্শক সিদ্দিক মিয়া (৫২), কনস্টেবল তানজিরুল ইসলাম (২২), রবীন্দ্র নাথ বর্মন (২৮), আবদুল বারী (৪৫), আবদুস সাত্তার (২৫)।
এর মধ্যে বারী ও সাত্তারকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য তিনজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ কর্মকর্তা সঞ্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কসবা উপজেলায় টহল শেষে পুলিশ সদস্যরা পিকআপ ভ্যানে করে জেলা শহরে ফিরছিলেন।
ট্রাকটি আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৪ ঘ.
bdnews24