লালমনিরহাট, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে লালমনিরহাটে ডাকা বৃহস্পতিবারের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে জেলা শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।
ধর্মঘট স্থগিত করে বুধবার রাত সাড়ে ১১টার পর শহরে মাইকিং করায় তারা।
জেলা শ্রমিক ইউনিয়নের আহবায়ক পুলিন চন্দ্র বর্মন সাংবাদিকদের জানান, জেলা প্রশাসন এবং ট্রাক, ট্যাংকলরি ও মটর মালিক সমিতির নেতাদের সঙ্গে বুধবার রাতে এক বৈঠকে সাত দিনের মধ্যে শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট স্থগিত করা হয়েছে।
লালমনিরহাটে মালিকদের ডাকা পরিবহন ধর্মঘট শেষ হওয়ার একদিন পর চাঁদাবাজি, হয়রানি, মালিকদের করা মামলা প্রত্যাহারসহ ১৫ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার এই ধর্মঘটের ডাক দেয় জেলা বাস, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘট চলাকালে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস, ট্রাকসহ মটরযান চলাচল বন্ধ থাকার কথা ছিলো। বিআরটিসির বাসসহ সরকারি গাড়ি ধর্মঘটের বাইরে ছিলো।
বুধবার সন্ধ্যায় শহরের মিশন মোড়ে শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভায় এ ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০০২ ঘ.
bdnews24