২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে হেরোইন সদৃশ বস্তুসহ ভারতীয় আটক

হযরত (রা.) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ কেজি হেরোইন সদৃশ বস্তুসহ এক ভারতীয় যুবক আটক হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 01:19 PM

Updated : 24 Aug 2022, 09:10 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত (রা.) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ কেজি হেরোইন সদৃশ বস্তুসহ এক ভারতীয় যুবক আটক হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা শাখা মঙ্গলবার রাতে মারো খামু জু ইলা মুগোগু নামের ওই যুবককে আটক করে বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কাস্টমস সুপারিনটেন্ডেন্ট শামসুল ইসলাম খান। বর্তমানে তিনি বিমান বন্দরের কাস্টমসের হেফাজতে রয়েছেন। শামসুল বলেন, "সিঙ্গাপুর এয়ারলাইন্সের রাত ১২টার যাত্রী মারো খামুকে তল্লাশি করে তার কালো রঙের হাতব্যাগে একটি ওয়াটার হিটার পাওয়া যায়।" ওই হিটারের ভেতর থেকে ১৯ কেজি সাতশ গ্রাম ওজনের হেরোইন সদৃশ পাউডার উদ্ধার করা হয় বলে জানান শামসুল। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তারা ওই পাউডারকে হেরোইন বলে শনাক্ত করেন। শামসুল বলেন, "তবে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন উপ-পরিচালকের নেতৃত্ব একটি রাসায়নিক পরীক্ষক দল এসে পরীক্ষা করে ওই পাউডার হেরোইন নয় বলে জানায়" এ বিষয়টি লিখিতভাবে কাস্টমস সুপারকে দিতে বলা হলে প্রতিনিধি দল তাতে অনীহা প্রকাশ করে বলে জানান কাস্টমস সুপারিন্টেডেন্ট শামসুল। পরে পরীক্ষার জন্য ওই পাউডারের নমুনা ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিজ্ঞান গবেষণাগার এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয় বলে জানান তিনি। শামসুল জানান, ভারতের পাসপোর্টধারি মারো খামু জু ইলা মগোগু গত ১ মে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি বেশ কয়েকবার বাংলাদেশে আসেন। তার পাসপোর্টটি সিঙ্গাপুর থেকে ইস্যু করা। বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচসি/পিডি/১৯১১ ঘ.