ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসন ও সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র সচিবালয়ে বুধবার কয়েক দফায় প্রায় ৪৫ মিনিট বিদ্যুৎ ছিলো না।
সচিবালয়ে কর্মরত কয়েকজন জানান, প্রথম দফায় প্রায় ২৫ মিনিট বিদ্যুৎহীন থাকে সচিবালয়। এরপর আরো দুই দফায় পাঁচ ও ১০ মিনিট বিদ্যুৎ ছিলো না।
এতে সচিবালয়ে লিফ্ট চলাচলসহ সব কাজ প্রায় বন্ধ হয়ে যায়। এসময় মন্ত্রী ও সচিবদের কক্ষসহ গুরুত্বপূর্ণ কক্ষগুলো এবং লিফটে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
রমনা ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিয়ন্ত্রণ কক্ষে বিড়াল ঢুকে পড়ায় এ বিপর্যয় ঘটে বলে নামপ্রকাশ না করার স্বার্থে জানান ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা।
তাৎক্ষণিকভাবে বিড়ালটি বের করে দিয়ে দ্রুত লাইন চালুর উদ্যোগ নেওয়া হয় বলে জানান ওই কর্মকর্তা।
ডিপিডিসির সেগুনবাগিচা অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী খায়রুল আলম ধানমণ্ডি সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার কথা স্বীকার করলেও এর কোনো কারণ জানানি।
সচিবালয়ের বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় গ্রীডের একাংশের বিদ্যুৎ সঞ্চালন আকস্মিকভাবে বন্ধ হওয়ায় সচিবালয় ও এ গ্রীডের অধীনে থাকা প্রায় প্রত্যেকটি অঞ্চলই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ডিপিডিসি এবং গণপূর্ত বিভাগের কর্মীদের তাৎক্ষণিক পদক্ষেপে প্রথম দফায় ২৫ মিনিটের মধ্যেই বিদ্যুৎ সংযোগ সচল করা সম্ভব হয় বলে জানান তিনি। পরে আরো দু'দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও কয়েক মিনিট পরেই তা পুনর্স্থাপিত হয়।
ডিপিডিসি'র কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হওয়ায় রমনা, ফুলবাড়িয়া, কারওয়ান বাজার, কাপ্তান বাজার, নাজিরা বাজার, সেগুবাগিচা, প্রেসক্লাব ও সচিবালয়সহ আশেপাশের এলাকাগুলো বিদ্যুৎহীন হয়ে পড়ে।
দ্রুত এসব এলাকায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৩৮ ঘ.
bdnews24