২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশমুখী বিএনপি কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা

রাজশাহীর বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে নাটোরের ছাত্রলীগ কর্মীরা। তারা বগুড়া থেকে আসা বিএনপি কর্মীদের দুটি গাড়িও ভাংচুর করে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 07:40 AM

Updated : 24 Aug 2022, 09:11 PM

নাটোর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে নাটোরের ছাত্রলীগ কর্মীরা। তারা বগুড়া থেকে আসা বিএনপি কর্মীদের দুটি গাড়িও ভাংচুর করে। বুধবার সকালে নাটোরের সিংড়া উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ছাত্রলীগ কর্মীরা এই হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে সিংড়া থানার ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়। মহাসড়কে শতাধিক গাড়ি, স্থানীয় বাজারের কয়েকটি দোকান ও তোরণ ভাংচুর করা হয়। এছাড়া মঙ্গলবার রাতেও বড়াইগ্রাম ও সদর উপজেলায় বিএনপির কয়েকটি তোরণ ভাংচুর ও পুড়িয়ে দেয় সরকার সমর্থকরা। সিংড়া থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ডে ছাত্রলীগের পথসভা চলছিল। সে সময় খালেদা জিয়ার সমাবেশে যোগ দিতে বিএনপি কর্মীদের দু'টি বাস যাচ্ছিল রাজশাহীর দিকে। এর মধ্যে বগুড়া মহিলা দলের নেতা কর্মীদের বহনকারী একটি বাসে ছাত্রলীগ কর্মীরা হামলা করে। এতে বগুড়া মহিলা দলের সভানেত্রী লাভলি রহমানসহ ১০ মহিলাকর্মী আহত হন। হামলাকারীরা বাসের ব্যানার খুলে নেয় এবং জানালার কাচ ভাংচুর করে। এ খবর পেয়ে বগুড়া থেকে আসা নেতাকর্মীদের বহনকারী শতাধিক বাস সিংড়া বাসস্ট্যান্ড থেকে চৌগ্রাম পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা জুড়ে অবস্থান নেয়। এতে যাত্রীবাহী শতাধিক যানবাহন আটকা পড়ে। এ অবস্থায় বেলা ১২টা পর্যন্ত ছাত্রলীগ ও বিএনপি সমর্থকরা অন্তত ১০০ বাস ভাংচুর করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত ওসি আবুল কালাম আজাদ পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিএনপি কর্মীদের হামলায় আহত হন। তার সঙ্গে থাকা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফ উদ্দিন ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামও বিএনপি সমর্থকদের মারধরের শিকার হন। একই সময় বিএনপি কর্মীরা সিংড়ার বালুয়াবাসুয়া এলাকায় আটটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। বেলা ২টার দিকে বিএনপি নেতাকর্মীরা বগুড়ার দিকে ফিরে যান। এদিকে নাটোর সদর উপজেলার বড়বড়িয়া গ্রামে রেজাউল করিম নামের এক ছাত্রদল কর্মীকে ছাত্রলীগ কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও সদরের তেবাড়িয়া ও বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রামে পাঁচটি তোরণ ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। জেলা বিএনপি সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার জন্য আওয়ামী লীগ সমর্থকদের দায়ী করেছেন। তবে সিংড়া থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ জুনায়েদ আহমেদ ওই অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি নেতাকর্মীরা পরিস্থিতি উত্তপ্ত করার জন্য নাটক সাজিয়েছে। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর) আপেল মাহমুদ বলেন, সিংড়ায় আওয়ামী লীগ ও বিএনপিকর্মীদের সংঘর্ষ থামাতে গিয়ে সিংড়ার ওসি আহত হয়েছেন। বিকাল ৩টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলেও তিনি জানান। মঙ্গলবার রাতেও বড়াইগ্রাম উপজেলার মাছগ্রাম এলাকায় ঢাকা-নাটোর মহাসড়কে বিএনপির রাজশাহী সমাবেশ উপলক্ষে করা তিনটি তোরণ আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা ভেঙে ফেলে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি। এছাড়া সদর উপজেলার তেবাড়িয়ায় বিএনপির দুটি তোরণ মঙ্গলবার রাত ১১টার দিকে পুড়িয়ে দেয় ছাত্রলীগ সমর্থকরা। রাজশাহী শহরের মাদ্রাসা মাঠে দুপুরে বিএনপির বিভাগীয় পর্যায়ের সমাবেশে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া বক্তব্য দেন। সমাবেশে যোগ দেয় বিভাগের সব জেলার নেতাকর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/ডিডি/এইচএ/১৮১৪ ঘ.