চুয়াডাঙ্গা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সীমান্তের ওপারে নদীয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বিডিআর জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টার দিকে দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তের বিপরীতে ভারতের নদীয়া জেলার ঠাকুরের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আজাদ মণ্ডলের (৩২) লাশ বিএসএফ এর কাছে রয়েছে।
আজাদ দামুড়হুদার নাস্তিপুর গ্রামের আব্দুল করিম মণ্ডলের ছেলে।
বিডিআরের চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজাদ কয়েকজন গরু ব্যবসায়ীসহ ভারত থেকে ফিরছিলেন।
তিনি বলেন, "পথে বিএসএফ'র ১২ ব্যাটালিয়নের বিজয়পুর ক্যাম্পের জওয়ানরা রাত ১২টার দিকে তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে আজাদ মণ্ডল মারা যান। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন।"
তিনি জানান, জিরো লাইন থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটেছে। বিডিআর বিস্তারিত জানার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩২৭ ঘ.
bdnews24