পাবনা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় ছাত্রলীগের জেলা ও এডওয়ার্ড কলেজ কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্র-পুলিশ সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষ হয়।
রোববার সন্ধ্যায় ছাত্রলীগের পাবনা জেলা ও সরকারি এডওয়ার্ড কলেজ কমিটি গঠন করার পর পদবঞ্চিত অংশটি শহরে ব্যাপক ভাঙচুর চালায়।
এদিকে রোববার ও সোমবারের ঘটনায় জেলা ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন খোকনকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মতিয়ার রহমান।
মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের পদবঞ্চিত অংশের সমর্থকরা এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এদিকে বেলা ১টার দিকে নবগঠিত কমিটির সমর্থকরা আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ছাত্ররা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে।
এতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সাধারণ শিক্ষার্থীরা আতংকে দিগবিদিক ছোটাছুটি করতে থাকে। আধঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রয়েছেন পাবনা সদর থানার ওসি মতিয়ার রহমান, উপ-পরিদর্শক শহীদ, সহকারী উপ-পরিদর্শক বিজয়, কনস্টেবল খালেকসহ ১৩ জন পুলিশ এবং ছাত্রলীগের এডওয়ার্ড কলেজ শাখার নতুন সভাপতি এমএ সজিব, অলিউল্লাহ, হাফিজ, বিদ্যুৎ, সাগর, বিকুল, রানা, সুরুজসহ ১৭ নেতাকর্মী।
আহতদের পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শহরের বিভিন্ন মোড় ও এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
জেলা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি আহমেদ শরিফ ডাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন জানান, বেলা ১২টার দিকে বহিরাগতদের নিয়ে পদবঞ্চিতরা কলেজে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সাধারণ ছাত্রদের মিছিল করতে বাধ্য করে। এ সময় তারাও ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করলে পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করলে ছাত্রলীগের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।
এদিকে ছাত্রলীগের একাংশ জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটিকে 'পকেট কমিটি' আখ্যায়িত করে ১৫ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছে।
সোমবার এডওয়ার্ড কলেজের দর্শন ভবনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কাউন্সিলারদের মতামত না নিয়ে কোনো নির্বাচন ছাড়াই গোপনে সার্কিট হাউসে বসে জেলা ও এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
তারা এই কমিটির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তও নিয়েছে বলে জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আব্দুল আজিজ, মামুন হায়দার রনি, মামুন আজিজ খান তুষার, খন্দকার তৌহিদ আনোয়ার, কাজী সাইখেওয়ার বিদ্যুৎ, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগ নেতা শেখ শাকিরুল ইসলাম রনি প্রমুখ।
রোববার পাবনা জেলা ছাত্রলীগের সম্মেলন স্থানীয় দোয়েল সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু। সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন। সম্মেলন শেষে সন্ধ্যায় মন্ত্রীসহ অন্য অতিথিরা চলে যান।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন নতুন জেলা ও এডওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এরপরই পদবঞ্চিতদের সমর্থকরা শহরের আব্দুল হামিদ সড়ক, আতাইকুলা রোড ও টার্মিনালে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২৪৫ ঘ.
bdnews24