চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে চট্টগ্রামে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বিকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কামাল উদ্দিন বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক আছেন।
সেইসঙ্গে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সাজা দেয়।
২০০১ সালের ১৩ জানুয়ারি কামাল তার স্ত্রী রাশেদা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করে ফেলার চেষ্টা করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্বাসরোধ করে হত্যার পর স্ত্রীর লাশ গুমের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক ৯জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, বাঁশখালীর পশ্চিম বড়ঘোনা এলাকার কামাল উদ্দিনের অনৈতিক সম্পর্ক নিয়ে স্ত্রী রাশেদা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। এর জের ধরে ২০০১ সালের ১৩ জানুয়ারি রাতে কামাল স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে স্ত্রীর মুখে বিষ ঢেলে একে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন তিনি।
এ ঘটনায় রাশেদার বাবা আবদুল করিম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
পিপি হাশেম জানান, ২০০৭ সালের ১৯ জানুয়ারি এ মামলার অভিযোগপত্র দাখিল এবং একই বছরের ৮ অক্টোবর আাদলতে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০২৩ ঘ
bdnews24