ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বংশাল থানার উপ-পরিদর্শক গৌতম রায় হত্যা মামলায় গ্রেপ্তার কাইল্যা জাকির ও আলী হায়দারকে ফের তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুহুল আমিন এই দু'জনের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান তিনদিন মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেপ্তারে তথ্য উদঘাটনের জন্য এদের ফের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এছাড়া গত ২৮ এপ্রিল এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ঢাকা জজ আদালত অঙ্গন থেকে গ্রেপ্তার জনি হোসেন মানিককে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
গৌতম কুমার রায় গত ২০ এপ্রিল সূত্রাপুরের ধোলাইখাল এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/২৩২৩ ঘ.
bdnews24